২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

সাভার পৌরসভা কার্যালয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 08:59 PM

Updated : 22 Nov 2026, 08:58 PM

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির পরপরই বাড়ি ভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কোনো বাড়ির মালিক শ্রমিকদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার সন্ধ্যায় সাভার পৌরসভা কার্যালয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা একটি সংগঠন নানা অজুহাতে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে ধ্বংস করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। এরই ধারাবাহিকতায় সাধারণত পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি বোর্ড গঠিত হলেও, অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী বর্তমান সরকার তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড কাজ শুরু করেছে।”

মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, পোশাক শিল্পের মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব নিয়ে নিরপেক্ষ মজুরি বোর্ড কাজ করছে। আলোচনার মাধ্যমে মাঝামাঝি একটি বেতন কাঠামো নির্ধারণ করা হবে। তবে এটা নিশ্চিত যে শ্রমিকদের বেতন বাড়বে।

বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, “অনেক শ্রমিক আমাদের কাছে দাবি জানিয়েছেন, বেতন যা-ই বাড়ুক তারা কাজে ফিরে যাবেন, কিন্তু বাড়ির মালিকরা যেন ভাড়া না বাড়ান। শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনারা যদি বাড়ি ভাড়া বাড়িয়ে দেন, তবে শ্রমিকরা আবারও দিশাহারা হয়ে পড়বেন।”

বেতন বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ির মালিকদের বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসক, পৌর প্রশাসক এবং সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামকে আগামী এক-দুই দিনের মধ্যে বাড়ির মালিকদের সঙ্গে আলাদাভাবে বসে এ বিষয়ে অনুরোধ জানানোর নির্দেশ দেন।

এদিকে মতবিনিময় সভায় অংশ নেওয়া শ্রমিক নেতাদের কথা না শুনেই অতিথিরা বক্তব্য দিয়ে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত নেতারা।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “মতবিনিময় করার জন্য আমাদেরকে জরুরিভাবে তলব করা হয়েছিল। আমরা এত কষ্ট করে দূর-দূরান্ত থেকে এসেছি। কিন্তু প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্টরা আমাদের সঙ্গে কোনো কথা না বলেই শুধু নিজেরা বক্তব্য দিয়ে চলে গেলেন। তাহলে আর এই মতবিনিময় সভার লাভ কী হলো।”

সভায় স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভারের ইউএনও ও পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম উপস্থিত ছিলেন।