এখন আর এটা শ্রমিকদের আন্দোলন না: ডিআইজি মুস্তাফিজুর
সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মজুরি বোর্ড গঠন হওয়ার পরও যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।
তিনি বলেছেন, “যেহেতু গত পরশুই মজুরি বোর্ড গঠন হয়েছে, কাজেই এখন আর এটা শ্রমিকদের আন্দোলন না। যারা যারা বাইরে আছে আমরা ধরে নিব, যে এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এদের ব্যাপারে আমরা আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
তৈরি পোশাক শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় সেখানে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনও উপস্থিত ছিলেন।
ডিআইজি মুস্তাফিজুর বলেন, “আমরা গত দিন ঢাকা জেলায় ১৫ জন বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে অ্যারেস্ট করেছি। আমাদের গাজীপুরে ৮ জন অ্যারেস্ট আছে। নারায়ণগঞ্জে ১৭ জন অ্যারেস্ট আছে। এরা কেউ শ্রমিক না, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। কাজেই তাদের প্রতি আইনের কঠোর প্রয়োগ করা হচ্ছে।”
তিনি বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে বলবো কোনো মতেই তাদের উদ্দেশ্য সফল হবে না। পুলিশ কঠোর অবস্থায় আছে এবং থাকবে। এবং তারা কি কার্যকলাপ করছে সেটা আমরা অনুসন্ধান করছি।”
এ পর্যন্ত আশুলিয়া, সাভার এলাকায় এ সংক্রান্ত একটা মামলা হয়েছে, অন্য মামলাগুলি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
নিরাপত্তার কোনো অভাব নাই দাবি করে তিনি বলেন, “এখানে ভালো পরিবেশ বিরাজ করছে। আমাদের জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এপিবিএন, আরআরএফ, পোশাকী পুলিশ আছে। এছাড়া আমাদের সিভিল ড্রেসেও পুলিশ আছে।
“আমরা ফ্যাক্টরির নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তা, সামগ্রিক নিরাপত্তা আমরা দিচ্ছি। তার ফলশ্রুতিতে দেখছেন যে সাভার, আশুলিয়া এলাকায় ফ্যাক্টরি চলছে।”
পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের প্রকি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শ্রমিক ভাই-বোনেরা তারা নিরাপদে কাজকর্ম করবে, আমরা তাদের নিরাপত্তা দিব। ফ্যাক্টরি মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাক্টরির নিরাপত্তা আমরা দিব, আপনারা নির্বিঘ্নে কাজ চালায়া যান।”
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন ধরেই ঢাকার মিরপুর, সাভার ও গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ করছেন। নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও তাদের আন্দোলন থামেনি।
মঙ্গলবার সকালেও আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিতপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর পরপরই কাঁদুনে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয় পুলিশ।
এছাড়া গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় মোড়, কালিয়াকৈরের মৌচাকে এলাকায় শ্রমিকরা অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।
