১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

গুলশান সোসাইটির অফিসে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৩

গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় আছে কিনা যাচাই করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 09:35 PM

Updated : 11 Oct 2026, 09:35 PM

ঢাকার গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে সোসাইটির অফিসে ঢুকে চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খিলক্ষেত আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দিয়েছেন গুলশান থানার পরিদর্শক ইসমাইল হোসেন খান।

গ্রেপ্তাররা হলেন- আনোয়ার (৩০), নাজমুল (২৫) ও জিদান মিয়া (১৯)।

পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, “গুলশার সোসাইটির অফিসে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছিল, যার প্রেক্ষিতে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”

গুলশান থানা পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি ওই আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে। সম্প্রতি সন্ত্রাসী মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে কয়েকজন সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন।

মামলায় বলা হয়, সম্প্রতি সোসাইটির কার্যালয়ে ঢুকে ‘রুবি এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের লিফলেট দিয়ে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করে কিছু লোক। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সোসাইটি অফিসে ঢুকে কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়।

অস্ত্রধারীরা সোসাইটির কাছে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দেওয়ার দাবি করেন বলেও মামলায় অভিযোগ করা হয়। পরে ওইদিনই সোসাইটি কর্তৃপক্ষ গুলশান থানায় মামলা করেন।

পুলিশ বলছে, মামলার প্রেক্ষিতে তদন্তের ধারাবাহিকতায় ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় বিষয়ে পরিদর্শক ইসমাইল বলেন, “আমরা বিষয়গুলো যাচাই করছি। আমাদের তদন্ত চলমান রয়েছে।”

তবে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার শাহ মোম্তফা তারিকুজ্জামান বলেন, “মাহাবুব ও রবিন সন্ত্রাসী। তারা দুজনই দেশের বাইরে আছে। তাদের নাম ব্যবহার করে কিছু লোক সন্ত্রাসী ও চাঁদাবাজি করছে। গ্রেপ্তার ৩ জন তাদের সহযোগী।”

গ্রেপ্তারকৃতদের কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।