০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

নিউ গিনি প্রোপার্টিজে নতুন করে মারামারির ঘটনায় গ্রেপ্তার ১৪

গ্রেপ্তার তিনজন মারামারিতে গুরুতর আহত হন; তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 11:57 PM

Updated : 07 Nov 2026, 11:57 PM

ঢাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে নতুন করে মারামারি হওয়ার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার বিকালে ‘দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জন’ প্রকল্প এলাকায় ঢুকে মারামারিতে জড়ান বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন মারামারিতে গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

ডিএমপি বলেছে, ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ১৪ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ বিজ্ঞপ্তিতে বলেছে, জমি কেনাবেচাসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত ঘটে।

জমি কেনাবেচার বিরোধ নিয়ে নিউ গিনি প্রোপার্টিজে গত ২৬ সেপ্টেম্বর রাতেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা হয়।

সেদিনের ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে নাম না জানা ১৫০ থেকে ২০০ জনকে।

ওই ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আটজন জামিনে আছেন।

পুলিশের তরফে ঘটনার সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করার কথা বলা হয়েছে, এরমধ্যেই একইস্থানে ফের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটল।

পুরনো খবর:

নিউ গিনি প্রোপার্টিজে আবার ‘হট্টগোল-মারামারি’