খিলগাঁওয়ে আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
গেল ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগের নেতাসহ ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক বার্তায় বলা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ মতিঝিলের সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী সোহাগ (৪৫),আওয়ামী লীগের সদস্য জেহাদুল ইসলাম জাহিদ (৫১) ও খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগী সুমন (২৮)।
গ্রেপ্তারদের আদালতে পাঠানোর কাজ চলছে বলেও ডিএমপি জানিয়েছে।
একদিনে গ্রেপ্তার ৪৮০
ডিএমপির অপর এক বার্তায় বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একইসঙ্গে এ সময়ে বিভিন্ন থানায় মামলা হয়েছে ৩৯টি।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৭৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ২৭ জন, উত্তরায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়; এছাড়া গোয়েন্দা পুলিশের হাতে রয়েছেন আরও ৬ জন।
এসব অভিযানে ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি বাইক উদ্ধার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
