নেত্রকোণায় ২ বছরে নারী-শিশু নির্যাতনের ৪ হাজার মামলার নিষ্পত্তি
বর্তমানে এই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা কমে ১ হাজার ৭০০টিতে নেমে এসেছে।
নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুই বছরে চার হাজারের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। একই সময়ে প্রায় সাড়ে চার হাজার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
পুরোনো মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করায় ট্রাইব্যুনালের দীর্ঘদিনের মামলাজট অনেকাংশে কমে এসেছে বলে জানান ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ নুরুল কবির রুবেল।
বর্তমানে এই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা কমে ১ হাজার ৭০০টিতে নেমে এসেছে।
আদালতের দেওয়া তথ্যমতে, নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে আলোচিত পান্না ধর্ষণ ও হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় আসামিদের মৃত্যুদণ্ডসহ সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে হয়রানিমূলক মিথ্যা মামলা করার দায়ে বাদীর সাজা হওয়ার দৃষ্টান্তও তৈরি হয়েছে।
আগে ট্রাইব্যুনালের জন্য স্থায়ী এজলাস ও পিপির নির্ধারিত কক্ষ ছিল না। পরে জেলা ও দায়রা জজ এ কে এম এমদাদুল হকের নেতৃত্বে আদালত ভবনের তৃতীয় তলায় ট্রাইব্যুনালের এজলাস ও পিপির কক্ষ বরাদ্দ দেওয়া হয়।
