খাগড়াছড়িতে শিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
২০১৬ সালের ৯ মে গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে মামলার বিবরণে বলা হয়েছে।
খাগড়াছড়িতে ১০ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন এবং দণ্ডিত হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হযরত আলীকে সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সৃজনি ত্রিপুরা জানান, ২০১৬ সালের ৯ মে বিকাল সাড়ে ৫টার দিকে গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের আরার মারমা টিলা এলাকায় শিশু আবু ইউসুফ রানা খেলাধুলা করছিল।
এ সময় একই এলাকার হাফিজুল ইসলাম হৃদয়ের ডান হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।
পরে কয়েকজন মিলে শিশু রানাকে ধরে দক্ষিণ দিকের পাহাড়ি জঙ্গলে নিয়ে যায় এবং পরদিন সকালে এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. সাজ্জাদ রহমান বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেন। মামলায় হযরত আলী ও মো. রমজান আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
অভিযোগ প্রমাণ না হওয়ায় রমজান আলীকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে পিপি সৃজনি ত্রিপুরা জানিয়েছেন।
