২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম নভোচারী কক্ষপথে, পাকিস্তানজুড়ে উচ্ছ্বাস

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, এটি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বিজ্ঞানী এবং আমাদের স্বপ্নের যাত্রা।

দেশের প্রথম নভোচারী কক্ষপথে, পাকিস্তানজুড়ে উচ্ছ্বাস

চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরুর করছে শেনঝৌ-২৪ মহাকাশযান। ছবি: চায়না ডেইলি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 03:05 PM

Updated : 25 Nov 2026, 03:05 PM

পাকিস্তানের প্রথম নাগরিক হিসেবে মহাকাশ কক্ষপথে গিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন মুহাম্মদ জিশান আলি। পাশাপাশি তিনি চীনের তিয়াং গং মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী।

চীনের গোবি মরুভূমি অঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে দেশটির তৈরি একটি রকেটে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর বুধবার দুই চীনা ও এক পাকিস্তানি নভোচারীকে বহনকারী শেনঝৌ-২৪ মহাকাশযান তিয়াং গং মহাকাশ স্টেশনে প্রবেশ করে।

আল জাজিরা জানিয়েছে, ৪০ বছর বয়সী আলি মহাকাশে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করবেন, যা চীনা নভোচারীদের স্বাভাবিক ছয় মাসের অবস্থানের তুলনায় অনেক সংক্ষিপ্ত সময়।

Image

পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ‘পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন’ এর সদর দপ্তরে নভোচারী মুহাম্মদ জিশান আলির ছবি হাতে নিয়ে বসে আছেন পাকিস্তানিরা। ছবি: রয়টার্স

মঙ্গলবার আলি সাংবাদিকদের বলেন, "আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না। আমি আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।"

আলির এই মহাকাশ যাত্রার পেছনের অধিকাংশ অবকাঠামো চীনের হলেও, এই সফর সফল করতে তিনি চীনা ভাষা শেখাসহ দেশটিতে কয়েক মাস ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, "এটি কেবল একজন নভোচারীর যাত্রা নয়, বরং ২৪ কোটি পাকিস্তানির যাত্রা। এটি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বিজ্ঞানী এবং আমাদের স্বপ্নের যাত্রা।"

তিনি আরও বলেন, "এটি পাকিস্তান ও চীনের মধ্যকার দৃঢ় বন্ধুত্বের জীবন্ত প্রমাণ। পাকিস্তানকে এই ঐতিহাসিক মিশনের অংশ করার জন্য আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ চীনের প্রতি কৃতজ্ঞ।"

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও পাকিস্তানের নভোচারীদের এই যৌথ মিশন ‘দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বের এক জীবন্ত প্রতিফলন’।

কূটনৈতিক দিক থেকে এটি চীনের জন্য একটি বিশাল অর্জন। বেইজিং বিশ্বকে দেখাতে আগ্রহী যে, তিয়াং গং মহাকাশ স্টেশনটি কেবল চীনের নিজস্ব কোনো স্থাপনা নয় বরং এটি একটি আন্তর্জাতিক গবেষণা প্ল্যাটফর্ম হয়ে ওঠার সক্ষমতা রাখে।

চীন তার মহাকাশ শিল্পের পরিধি দ্রুত বাড়াচ্ছে। দেশটি ২০৩০ সালের মধ্যে চাঁদে চীনা নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে, ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ অভিযানের পর প্রথমবারের মতো ২০২৮ সালে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।

চীন রাশিয়ার সঙ্গে মিলে ২০৩৫ সালের মধ্যে চাঁদে একটি গবেষণা ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে।

বেইজিং ও ওয়াশিংটন, উভয় দেশই দাবি করে যে মহাকাশে তাদের উপস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, চীন চাঁদের সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলোর ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে। তাদের এই অভিযোগ বেইজিং জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।