পাকিস্তানি নভোচারীসহ অভিযানে যাচ্ছে চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান
জিশানে আলি মহাকাশ অভিযানে অংগ্রহণকারী প্রথম পাকিস্তানি হতে যাচ্ছেন।
চীনের মানববাহী মহাকাশ কর্মসূচীর অংশ হিসেবে এক পাকিস্তানি নভোচারীসহ মহাকাশ অভিযানে যাচ্ছে দেশটির শেনঝৌ-২৪ মহাকাশযান।
চীনের গোবি মরুভূমি অঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করার কথা রয়েছে।
তিন সদস্যের এই নভোচারী দলে রয়েছেন কমান্ডার তাং হংবো, ফ্লাই ইঞ্জিনিয়ার উ য়ি এবং পাকিস্তানি পেলোড বিশেষজ্ঞ জিশান আলি। জিশান মহাকাশ অভিযানে অংগ্রহণকারী প্রথম পাকিস্তানি হতে যাচ্ছেন। পাশাপাশি তিনি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করতে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হবেন, জানিয়েছে রয়টার্স।
চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) মঙ্গলবার জানিয়েছে, নভোচারী দলটি সুস্থ ও ভালো অবস্থায় আছে আর উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চীনের শেনঝৌ মিশনগুলো ২০২১ সাল থেকে তিনজন করে চীনা নভোচারীকে ছয় মাস অবস্থানের জন্য দেশটির তিয়াং গং মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছে। বিদায়ী শেনঝৌ -২৩ নভোচারীদের দুজনের সঙ্গে ফিরে আসার আগে জিশান মহাকাশ স্টেশনটিতে স্বল্পমেয়াদী সফরে থাকবেন।
শেনঝৌ-২৩ এর অপর নভোচারী ঝু ইয়াং ঝু তার এক বছর মেয়াদী মিশনের জন্য তিয়াং গংয়েই রয়ে যাবেন।
রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চাঁদে যাওয়ার ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যেই এই উৎক্ষেপণটি হতে যাচ্ছে।
ওয়াশিংটন অভিযোগ করে বলেছে, বেইজিং চাঁদের ভূখণ্ডে উপনিবেশ স্থাপন ও সেখানে সম্পদের খোঁজে খননকাজ চালানোর পরিকল্পনা করেছে। তাদের এই অভিযোগ বেইজিং জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।
চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে শেনঝৌ-২৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। এটি চীনের মানববাহী মহাকাশ কর্মসূচীর ৪১তম ফ্লাইট মিশন। এটি কক্ষপথে অবস্থিত মহাকাশ স্টেশন তিয়াং গংয়ে থাকা শেনঝৌ-২৩ নভোচারীদের সঙ্গে ‘ইন-অরবিট রোটেশন’ সম্পন্ন করবে।
তিয়াং গং মহাকাশ স্টেশন অবস্থানকালে নভোচারীরা স্টেশনের নির্ধারিত গবেষণার পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।
