১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদে থাকবেন, এমন নভোচারী চায় নাসা, কিন্তু যোগ্যতা কী লাগবে?

দুই বছর আগে নাসা শেষবার নতুন নভোচারী নিয়োগের উদ্যোগ নিয়েছিল। ওই সময় ৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল।

চাঁদে থাকবেন, এমন নভোচারী চায় নাসা, কিন্তু যোগ্যতা কী লাগবে?

এক যুগান্তকারী যাত্রার অংশ হিসেবেই নতুন নভোচারীরা নাসার পরিবারে যুক্ত হবেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 04:08 PM

Updated : 10 Nov 2026, 04:08 PM

চাঁদে বসবাস ও মানবজাতির মঙ্গল গ্রহের ঐতিহাসিক যাত্রার সূচনা করতে নতুন নভোচারী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

শনিবার কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত এক এয়ার শোতে নাসার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দিয়েছেন।

চন্দ্রাভিযান এবং এভিয়েশন ও প্রযুক্তির সার্বিক অগ্রগতি তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

বর্তমান সময়টিকে সংস্থাটির ‘সবচেয়ে উচ্চাভিলাষী অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন নাসার কর্মকর্তারা।

‘আর্টেমিস’ কর্মসূচির হাত ধরে আগামী বছরগুলোতে চাঁদে মানুষ পাঠানো, সেখানে স্থায়ী ঘাঁটি নির্মাণ ও মঙ্গল গ্রহে প্রথম মানববাহী মিশনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সংস্থাটি।

এ যুগান্তকারী যাত্রার অংশ হিসেবেই নতুন নভোচারীরা নাসা পরিবারে যুক্ত হবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিতে নাসা বলেছে, নির্বাচিত নভোচারীরা ‘চন্দ্রপৃষ্ঠে কাজ করার প্রশিক্ষণ নেবেন, পৃথিবীর বাইরে বসবাস ও কাজ করবেন এবং এমন সব মিশনে অংশ নেবেন যা মানব অনুসন্ধানের সীমানাকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক দূরে নিয়ে যাবে’।

Image

১৯৬০-এর দশক থেকে এ পর্যন্ত নাসা তাদের নভোচারী কর্মসূচিতে মোট ৩৭০ জনকে নিয়োগ দিয়েছে। ছবি: নাসা

তবে এ মহাকাশ অভিযানে যুক্ত হওয়া সহজ নয়। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ইচ্ছুক প্রার্থীদের কঠোর ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মুখে পড়তে হবে।

আবেদনকারীদের জন্য কিছু সুনির্দিষ্ট যোগ্যতার কথা উল্লেখ করেছে নাসা। এর মধ্যে রয়েছে, প্রার্থীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে ও বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বিকল্প হিসেবে চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত প্রশিক্ষণ বা প্লেন চালনার মতো পেশাদার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের বেশ কিছু কঠিন পরীক্ষার ধাপ পার হতে হবে। যার মধ্যে দীর্ঘমেয়াদি মহাকাশ ফ্লাইট সহ্য করার শারীরিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি তাদের ‘নেতৃত্ব, দলগত কাজ ও যোগাযোগের দক্ষতা’ মূল্যায়িত হবে।

ঠিক দুই বছর আগে নাসা শেষবার নতুন নভোচারী নিয়োগের উদ্যোগ নিয়েছিল। ওই সময় ৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল, যার মধ্য থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরে চূড়ান্তভাবে নির্বাচিত হয় কেবল ১০ জনকে।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সফল আবেদনকারীদের বেছে নেওয়া হবে ২০২৭ সালের শেষের দিকে। এরপরই নভোচারী প্রার্থীদের পরবর্তী ব্যাচ হিসেবে তাদের প্রশিক্ষণ শুরু হবে।

এই নতুন ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক আগ্রহীদের সোমবার থেকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

১৯৬০-এর দশক থেকে এ পর্যন্ত নাসা তাদের নভোচারী কর্মসূচিতে মোট ৩৭০ জনকে নিয়োগ দিয়েছে।

বর্তমানে সংস্থাটির ‘অ্যাস্ট্রোনাট ক্রু’-তে সক্রিয় সদস্য রয়েছেন ৩২ জন।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই নিয়োগ প্রসঙ্গে বলেছেন, “নাসার নভোচারী বাহিনীতে যোগ দেওয়ার জন্য এটা অসাধারণ সময়।

“আমরা যাদের নির্বাচন করব, তারা চাঁদের বুকে হাঁটতে পারেন, চন্দ্র ঘাঁটিতে থেকে কাজ করতে পারেন এবং এমন সব ব্যবস্থা ও কার্যপ্রণালী তৈরিতে সহায়তা করতে পারেন, যা শেষ পর্যন্ত মানববাহী যানকে মঙ্গলে নিয়ে যাবে।

“এসব মিশনের জন্য প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, দলগত কাজের মানসিকতা ও সাহস।

“দেশের সেবায় এমন অসাধারণ চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক প্রতিভাবান আমেরিকানদেরই নাসার নভোচারী বাহিনী সবসময় আহ্বান জানিয়ে এসেছে।”