উৎসব বা ছুটির দিনে এক বেলার ভারী খাবারে কি সত্যিই স্বাস্থ্য নষ্ট হয়?
প্রচলিত ধারণার বিপরীতে প্রকৃত সত্য জানুন।
উৎসব, পারিবারিক আয়োজন বা ছুটির দিনে একটু বেশি বা ভারী খাবার খাওয়ার পর অনেকেই তীব্র অপরাধবোধে ভোগেন।
বাড়তি ক্যালরি ঝরাতে পরদিনই কেউ না খেয়ে থাকেন, কেউ ডিটক্স পানীয় শুরু করেন, আবার কেউ কঠিন ব্যায়ামে নেমে পড়েন।
তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এক বেলার ভারী ভোজ সুস্থ মানুষের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যে তেমন কোনও বড় ক্ষতি করে না। বরং পুরো উৎসবের মৌসুমজুড়ে ঘুম, নিয়মিত রুটিন এবং দীর্ঘমেয়াদী খাদ্যাভ্যাস কতটা বজায় থাকছে, সেটিই আসল বিষয়।
স্বাস্থ্য ও জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘হেলথলাইন’-এর প্রধান সম্পাদক রবিন হাফ, তার এক কলামে উৎসবের খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দিয়েছেন। আর সুস্থ থাকার বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরেছেন। লেখাটির তথ্যগুলো চিকিৎসা পর্যালোচনা করেছেন ডা. জিল সেলাদি-শুলম্যান।
উৎসবের খাবার নিয়ে ৪টি প্রচলিত ভুল ধারণা
শাস্তিমূলক কঠিন ব্যায়াম: ভারী খাবার খাওয়ার পর নিজেকে শাস্তি দেওয়ার মানসিকতা নিয়ে অতিরিক্ত কঠিন ব্যায়াম করা ঠিক নয়। পেট ফাঁপা বা অস্বস্তি থাকলে কঠিন ব্যায়ামের চেয়ে নিয়মিত হালকা হাঁটা অনেক বেশি কার্যকর।
দাওয়াতের আগে না খেয়ে থাকা: রাতে ভালোমন্দ খাওয়ার জন্য সকাল বা দুপুরের খাবার বাদ দিলে ক্ষুধা তীব্র হয়ে ওঠে এবং স্বাভাবিকের চেয়েও দ্রুত ও বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়।
বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ সেবনকারীদের জন্য একবেলা না খেয়ে থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে।
ডিটক্স পানীয়: ভারী খাবারের পর শরীর পরিষ্কার করতে কেবল ফলের রস বা জ্যুস খেয়ে থাকার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই; লিভার ও কিডনি স্বাভাবিকভাবেই শরীরের বর্জ্য অপসারণের কাজটি করে।
মাংস খেলেই ঘুম পায়: ‘টার্কি’ বা মুরগির মাংসে থাকা ট্রিপটোফ্যান একাই, ঘুম পাড়িয়ে দেয় না; বরং একসঙ্গে প্রচুর খাবার খাওয়া এবং সারাদিনের ক্লান্তির কারণেই খাওয়ার পর তন্দ্রাভাব আসে।
এক বেলার চেয়ে পুরো মৌসুমের রুটিন যে কারণে গুরুত্বপূর্ণ
২০২০ সালে ২৩টি পর্যবেক্ষণমূলক গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, উৎসবের দীর্ঘ ছুটির সময়ে মানুষের ওজন গড়ে প্রায় দেড় পাউন্ড বেড়ে যায় এবং যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ’-এর গবেষণায় দেখা গেছে, এই বাড়তি ওজন পরে সহজে কমে না।
শুধু এক বেলার খাবার নয়; বরং টানা কয়েক সপ্তাহ ধরে রাত জাগা, নিয়মিত ব্যায়াম বন্ধ রাখা, ভ্রমণের ক্লান্তি, মানসিক চাপ এবং নিয়মিত ওষুধ খেতে ভুলে যাওয়ার কারণেও এরকম হয়।
দীর্ঘমেয়াদী রোগীদের জন্য বিশেষ সতর্কতা
সুস্থ মানুষের জন্য এক বেলার অনিয়ম বড় কোনও সমস্যা না হলেও যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, তাদের প্রতিটি খাবারের ব্যাপারেই সতর্ক থাকা জরুরি।
ডায়াবেটিস: দাওয়াতের অনিয়মিত সময়ে অতিরিক্ত বা খুব কম খেলে রক্তে শর্করা অতি মাত্রায় ওঠানামা করতে পারে। তাই নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধের মাত্রা ঠিক করে নিতে হবে।
অ্যাসিডিটি বা জিইআরডি: একসঙ্গে বেশি খাবার খেলে পাকস্থলীতে চাপ পড়ে বুকজ্বালা বাড়ে। তাই ঘুমাতে যাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা উচিত।
উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনি রোগ: অতিরিক্ত লবণযুক্ত খাবার শরীরে পানি জমিয়ে হৃদযন্ত্র ও কিডনির ওপর চাপ ফেলে। এছাড়া বুকে চাপ বা ব্যথা অনুভব করলে সেটিকে সাধারণ গ্যাস্ট্রিক ভেবে অ্যান্টাসিড খেয়ে বসে না থেকে জরুরি চিকিৎসা নিতে হবে, কারণ এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।
ভারী খাবারের পর সুস্থ থাকার সহজ পরিকল্পনা
ভারী ভোজের এক ঘণ্টার মধ্যেই ১০ থেকে ৩০ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে এবং হজম সহজ হয়।
খাওয়ার পরপরই শুয়ে না পড়ে অন্তত দুই ঘণ্টা সোজা হয়ে বসে থাকা উচিত। পরদিন সকালে তেল-চর্বিযুক্ত খাবারের বদলে ডিম ও টোস্টের মতো সুষম নাশতা করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে (চিকিৎসকের নিষেধাজ্ঞা না থাকলে)।
আর কোনও বেলায় ওষুধ বাদ না দিয়ে স্বাভাবিক রুটিনে ফিরে আসতে হবে।
