১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে বমি-ডায়রিয়া, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

চিকিৎসক বলেন, আশা করা হচ্ছে, তারা সবাই সুস্থ হয়ে উঠবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 06:38 PM

Updated : 13 Nov 2026, 06:38 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

তাদের মধ্যে অর্ধশতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলতুতমিশ আকন্দ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে তাদের ডায়রিয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনরা জানান, সম্প্রতি উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালাপানি গ্রামের বাবলু মিয়ার বড় ছেলে মারা যান। তার আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার সকালে বাড়িতে দোয়া মাহফিল ও মজলিসের ব্যবস্থা করা হয়। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।

তারা জানান, মজলিসের খাবার খেয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পর অনেকের পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে অসুস্থদের কেউ সাঘাটা ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং কেউ বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। অনেকে স্থানীয় চিকিৎসকদের কাছেও চিকিৎসা নেন।

কালাপানি গ্রামের আসিফ মিয়া বলেন, মজলিসের খাবার খেয়ে বাড়ি ফেরার এক ঘণ্টা পর তার পেটে ব্যথা শুরু হয়। পরে বমি ও পাতলা পায়খানা হলে মঙ্গলবার রাতেই তিনি সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

একই গ্রামের অটোরিকশাচালক আজাহার আলীও একই ধরনের অসুস্থতা নিয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিহানুল ইসলাম শোভন বলেন, ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, তারা সবাই সুস্থ হয়ে উঠবেন।