২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভালো ও খারাপ চর্বি কী?

সব চর্বি খারাপ নয়। কিছু চর্বি দেহের জন্য জরুরি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 04:43 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

খাবারে চর্বি নিয়ে রয়েছে নানান বিভ্রান্তি। অনেকেই মনে করেন চর্বি মানেই ক্ষতিকর, আবার কেউ কেউ মনে করেন সব চর্বিই শরীরের জন্য দরকারি।

তবে চর্বিরও বিভিন্ন ধরন রয়েছে। কিছু শরীরের জন্য উপকারী, আবার কিছু সীমিত না রাখলে ক্ষতির কারণ হতে পারে।

চর্বি যে কারণে প্রয়োজন

চর্বি শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান। এটি শুধু শক্তির উৎস নয়, বরং মস্তিষ্কের কার্যক্রম, কোষের গঠন এবং হরমোন তৈরির জন্যও গুরুত্বপূর্ণ।

বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো বলেন, “কিছু চর্বি শরীরের স্বাভাবিক কাজের জন্য দরকার। বিশেষ করে মস্তিষ্ক, স্নায়ু এবং হৃদযন্ত্রের সঠিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ।”

ভালো চর্বি কী এবং কেন দরকার?

ভালো চর্বি বলতে সাধারণত অসম্পৃক্ত চর্বিকে বোঝানো হয়। এগুলো আবার দুই ধরনের। একক অসম্পৃক্ত এবং বহুগুণ অসম্পৃক্ত।

এই চর্বিগুলো শরীরের জন্য উপকারী এবং প্রদাহ কমাতেও সাহায্য করে।

এই পুষ্টিবিদ বলেন, “জলপাই তেল, বাদাম এবং বিভিন্ন বীজে থাকা চর্বি হৃদযন্ত্রের জন্য ভালো। এসব খাবার নিয়মিত খেলে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে। অনেক গবেষণায় দেখা গেছে, এই ধরনের চর্বি স্ট্রোকের ঝুঁকিও কমাতে পারে।”

বহুগুণ অসম্পৃক্ত চর্বির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল- ওমেগা ধরনের চর্বি। এই চর্বি শরীর নিজে তৈরি করতে পারে না। তাই খাবার থেকেই এগুলো গ্রহণ করতে হয়।

মাছ, বীজ ও বাদামে এই চর্বি পাওয়া যায়। এগুলো মস্তিষ্কের উন্নয়ন, ত্বকের স্বাস্থ্য এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

খারাপ চর্বির প্রভাব

সব চর্বি যে উপকারী নয়, সেটাও জানা জরুরি। খারাপ চর্বির মধ্যে সবচেয়ে ক্ষতিকর হল- কৃত্রিমভাবে তৈরি চর্বি। এই চর্বি রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ায় এবং উপকারী কোলেস্টেরল কমায়। ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

ভাজাপোড়া খাবার, বাজারের তৈরি কিছু বেকারি পণ্য এবং প্রক্রিয়াজাত খাবারে এই ধরনের চর্বি থাকতে পারে।

আরেক ধরনের চর্বি হল- সম্পৃক্ত চর্বি। যা মাংস, দুধজাত খাবার এবং কিছু তেলে পাওয়া যায়।

পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বলেন, “এই চর্বি বেশি খেলে রক্তনালিতে চর্বি জমে এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।”

সবচেয়ে উপকারী চর্বি কোনটি

ওমেগা ধরনের চর্বি অনেকটাই উপকারী। এই চর্বি কোলেস্টেরল কমানোর পাশাপাশি মস্তিষ্ক ও হৃদযন্ত্রকেও সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেহেতু শরীর নিজে এগুলো তৈরি করতে পারে না, তাই নিয়মিত খাবারের মাধ্যমে গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

এছাড়া শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, যেমন- কোষের রক্ষণাবেক্ষণ, চোখ ও মস্তিষ্কের কার্যক্রম ঠিক রাখতেও এই চর্বির প্রয়োজন।

তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এই ধরনের চর্বি রাখা যেতে পারে।

খাবারে চর্বির সঠিক ভারসাম্য

চর্বি পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই, বরং সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি।

বিভিন্ন ধরনের ভালো চর্বি খাবারের মধ্যে রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। একই সঙ্গে খারাপ চর্বি যতটা সম্ভব কমিয়ে রাখা উচিত।

তাই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রতিদিনের খাবারে ছোট ছোট পরিবর্তন এনে ফলমূল, শাকসবজি, ডাল, বাদাম এবং বীজের সঙ্গে সঠিক চর্বি যুক্ত করলে শরীর সুস্থ থাকে।

ভিটামিন শোষণে চর্বি

চর্বি শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন শোষণে সাহায্য করে। যেমন- ভিটামিন এ, ডি, ই এবং কে।

“এই ভিটামিনগুলো শরীর ঠিকভাবে গ্রহণ করতে চর্বির প্রয়োজন হয়” বলেন এই পুষ্টিবিদ।

তাই চর্বি পুরোপুরি বাদ দিলে শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে।

আরও পড়ুন

পেটের গভীরের চর্বি প্রদাহ বাড়ায়- জেনে নিন কীভাবে কমাতে হয়

চর্বি পুড়িয়ে শক্তি যোগানোর খাবার

ওজন কমলে চর্বিগুলো কই যায়?