সিলেটে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৩
থানায় নেওয়ার পথে একটি গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় পুলিশের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
সোমবার রাতভর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ময়না মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (৪৫) এবং ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
তাকে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যান। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িটিও।
ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, আসামি ছিনতাই ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে কারাগারো পাঠানো হয়েছে।
