১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

গেণ্ডারিয়ার ঘুণ্টিঘরে এবার এসআরবি-ডিএনসির অভিযান, আটক ১৪

ওই এলাকায় অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ যাওয়ার পর বিতর্কের মুখে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

গেণ্ডারিয়ার ঘুণ্টিঘরে এবার এসআরবি-ডিএনসির অভিযান, আটক ১৪

ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় সোমবার এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 05:10 PM

Updated : 19 Oct 2026, 05:10 PM

ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে আলোচনার মধ্যে সেখানে অভিযান চালিয়েছে এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার বিকাল ৩টায় ওই অভিযানে দুই নারীসহ ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।

ছদ্মবেশে থাকা এসআরবি-৩ ও ডিএনসি সদস্যরা অভিযান শুরু করলে সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনেকে দেয়াল টপকে পালিয়ে যান।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযানে অংশ নেওয়া দুই সংস্থার একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার সেখানে অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই ঘটনার ছবি ও ভিডিও ছড়ালে বিতর্ক তৈরি হয়। দিনভর নানা আলোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

সোমবার দুপুরে কয়েকশ নেতাকর্মী সঙ্গে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এদিন এসআরবি ও ডিএনসির অভিযানের আগেও ঘুণ্টিঘর এলাকায় রেললাইন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করতে দেখা যায়।

ডিএনসির ঢাকা দক্ষিণের উপ পরিচালক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা সবাই ভাসমান। এরা এখানে আসে তারপর আবার চলে যায়।

“আমরা অভিযান পরিচালনা করলে এরা চলে যায়৷ আবার আমরা যখন চলে যাই, তখন ওরা আবার আসে। এজন্য এদের নির্মুল করা যায় না। এখানে নিয়মিত কাউকে রাখতে পারলে তাইলে কোনো সুফল পাওয়া যেত।”