আর্সেনালের বিপক্ষে লিভারপুলের ‘পেনাল্টি প্রাপ্য ছিল’
ওই ঘটনায় ভিএআরের হস্তক্ষেপ না করাটাও পরিষ্কার ভুল ছিল বলে মনে করে কেএমআই।
আর্সেনালের ডি-বক্সে আলেকসান্দের ইসাক ‘পরিষ্কার ফাউলের' শিকার হওয়ায়’, লিভারপুলের পেনাল্টি প্রাপ্য ছিল বলে মত দিয়েছে প্রিমিয়ার লিগের ‘কি ম্যাচ ইনসিডেন্টস’ প্যানেল (কেএমআই)।
চলতি মাসের প্রথম দিনে লিগে মুখোমুখি হয় এই দুই শিরোপাপ্রত্যাশী দল। অ্যানফিল্ডে সেদিন ম্যাচের শুরুতেই কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
তবে ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। প্রথমার্ধেই একটি আক্রমণে বাহডলে বাহকোলার ক্রসে হেড করার চেষ্টা করেন ইসাক। সেই সময় সুইডিশ স্ট্রাইকারের জার্সি পেছন থেকে টান দেন ইউরিয়েন টিম্বার। কিন্তু রেফারি অ্যান্ডি ম্যাডলি কিংবা ভিএআর স্টুয়ার্ট অ্যাটওয়েলের কেউ পেনাল্টি দেননি। মাঠেই বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় লিভারপুল।
পরে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝারেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। তার মতে, ইসাক তখন যদি পড়ে যেত তাহলে পেনাল্টি দেওয়া হতো। এরপর তার খেলোয়াড়কে এমন পরিস্থিতিতে পড়ে যেতে বলবেন বলেও মন্তব্য করেন তিনি।
এখন কেএমআইয়ের মন্তব্যে লিভারপুলের সেই দাবিই জোরাল ভিত পেল।
কেএমআই ৪-১ ভোটে ওই ঘটনায় মাঠের রেফারিরই পেনাল্টি দেওয়া উচিত ছিল বলে মত দিয়েছে। আর রেফারিকে টাচলাইনের মনিটরে ঘটনাটা পর্যালোচনা করার বিষয়ে ভিএআরের মত দেওয়া উচিত ছিল বলে মনে করে কেএমআই, এর পক্ষে ভোট পড়েছে ৩-২; আর তা না হওয়ায় এটাকে পরিষ্কার ভুল হিসেবে দেখছে এই প্যানেল।
১০ রাউন্ড শেষে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।
