রেয়াল মাদ্রিদে আরও ৬ বছর চুয়ামেনি
পরপর দুই দিনে দুই মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল মাদ্রিদের ক্লাবটি।
রেয়াল মাদ্রিদের সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন অহেলিয়া চুয়ামেনি। ক্লাবটিতে ২০৩২ সাল পর্যন্ত খেলবেন এই ফরাসি মিডফিল্ডার।
চুয়ামেনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর বৃহস্পতিবার জানিয়েছে রেয়াল। আগের দিন আরেক মিডফিল্ডার আর্দা গুল্যারের সঙ্গেও ছয় বছরের নতুন চুক্তি করে ক্লাবটি।
চুয়ামেনির সঙ্গে রেয়ালের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৮ পর্যন্ত।
চলতি মৌসুমে পেশির চোটের কারণে রেয়ালের চারটি ম্যাচ খেলতে পারেননি চুয়ামেনি। সব মিলিয়ে এবার ক্লাবের মোট ১৬ ম্যাচের ১০টিতে খেলেছেন তিনি।
এই মৌসুমে এখনও গোলের দেখা পাননি তিনি, অ্যাসিস্ট করেছেন একটি।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আগামী শনিবার আবার মাঠে ফিরবে রেয়াল। লা লিগায় সেদিন ঘরের মাঠে সেল্তা ভিগোর মুখোমুখি হবে তারা।
লিগে ১২ ম্যাচের ১০টিতে জিতে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
