দুই ডিআইজিসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
তাদের মধ্যে ১২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিআইজি পদমর্যাদার একজন অতিরিক্ত কমিশনার ও পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলি করা এসব কর্মকর্তার মধ্যে ১২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বদলি করা দুই ডিআইজির মধ্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ডেন্ট এবং এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি করা হয়েছে।
এছাড়া ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে, চট্টগ্রাম মহানগর পুলিশের সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি শেখ শরিফুল ইসলামকে রংপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট এবং সিআইডির সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাকি ১২ জন কর্মকর্তার সবাই পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার।
