আফগান নারীদের নাম মুছে দিচ্ছে তালেবান, পরিচয় ‘দাদি’ বা ‘ছাগল’
“একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া।”
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। চিকিৎসার ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও নারীদের নাম লেখা যাবে না।
তাদের পরিচয় দিতে কোথাও ‘বিবি’, কোথাও ‘ছাগল’ কিংবা ‘গরু’ শব্দ ব্যবহার করা হচ্ছে বলে লিখেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস।
নতুন এই নির্দেশনায় সরকারি কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম ধরে সম্বোধন করতেও নিষেধ করা হয়েছে।
আফগান অধিকারকর্মী লালা ওসমানি এই চর্চাকে ‘মানবিক মর্যাদা হরণের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছেন।
এল পাইসকে তিনি বলেন, “একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া।”
ওসমানির আশঙ্কা, এ নিষেধাজ্ঞার কারণে স্বাস্থ্যসেবায়ও গুরুতর সমস্যা তৈরি হতে পারে। একাধিক নারীর চিকিৎসার ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যসংক্রান্ত নথিতে একই নাম ব্যবহার করা হলে ভুল চিকিৎসা বা ওষুধ দেওয়ার ঝুঁকি বাড়বে।
সন্তানদের জন্মসনদসহ সরকারি নথিতে নারীদের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে ২০১৭ সালে ‘হোয়্যার ইজ মাই নেম’ প্রচারাভিযান শুরু করেছিলেন তিনি। ওই প্রচারণার ফলে ২০২০ সালের সেপ্টেম্বরে একটি পরিবর্তন আসে এবং জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়।
তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা করছেন, বালখ প্রদেশের এই নির্দেশনা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।
তার ভাষ্য, তালেবান এর আগেও বিভিন্ন এলাকায় জারি করা বিধিনিষেধ পরে দেশজুড়ে কার্যকর করেছে।
আফগান সাংবাদিক খাদিজা আমিন বর্তমানে স্পেনে নির্বাসিত জীবনযাপন করছেন। সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে তিনি সমস্যায় পড়েন। কারণ সন্তানদের জন্মসনদে তাকে মা হিসেবে শনাক্ত করার কোনো তথ্য ছিল না।
ওসমানি বলেন, “আফগানিস্তানে কোনো নারীকে তার আসল নামে ডাকাও এখন একধরনের প্রতিরোধ।”
এল পাইস লিখেছে, এ ধরনের বিধিনিষেধ আফগান নারীদের নিজেদের পরিচয় প্রতিষ্ঠা, অধিকার দাবি এবং জরুরি সেবা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে।
