গোপনে নারীদের ভিডিও করার অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক ও বহিষ্কার
তার ফোনে একাধিক নারীর ভিডিও পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
বরিশালের উজিরপুর উপজেলায় গোপনে নারীদের ভিডিও করার অভিযোগে গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা।
এ ঘটনায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিব তার বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানান দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।
বহিষ্কৃত নেতার নাম বায়জিদ হোসেন ওরফে মিঠু। তিনি উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বায়জিদের বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ফাঁক দিয়ে গোপনে নারীদের ভিডিও করার অভিযোগ রয়েছে। এসব ভিডিও দিয়ে নারীদের ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শনিবার রাত ১০টার দিকে উজিরপুর পৌর এলাকায় এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে গোপনে তার ভিডিও করার চেষ্টা করেন বায়জিদ। বিষয়টি বুঝতে পেরে ওই নারী চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে বায়জিদকে আটক করেন।
এ সময় তার ফোনে একাধিক নারীর গোপন ভিডিও পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। পরে তাকে মারধর করেন উত্তেজিত লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তার ফোনের দুটি গ্যালারিতে অনেক পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, বায়জিদের বিরুদ্ধে পুলিশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
