সড়ক দুর্ঘটনা কমাতে গবেষকদের ভরসা ‘গ্র্যান্ড থেফট অটো’
গ্র্যান্ড থেফট অটো গেইমগুলোর খেলার পরিবেশ তৈরিতে ব্যবহৃত পদার্থবিজ্ঞান মডেল গবেষকদের প্রাথমিক পর্যায়ে সড়ক দুর্ঘটনা নিয়ে গবেষণার জন্য সাশ্রয়ী ও প্রস্তুত পরীক্ষাক্ষেত্র দিয়েছে।
গ্র্যান্ড থেফট অটো’র কাল্পনিক শহরগুলোতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও সংঘর্ষ বাঁধানো গেইমারদের কাছে বিনোদনেরই অংশ। তবে গবেষকদের ভাবনা কিছুটা ভিন্ন।
গ্র্যান্ড থেফট অটো’র ধূসর ও বিশৃঙ্খল জগৎ এমন কোনো জায়গা নয়, যেখানে সড়কের নিয়মকানুনের গুরুত্ব আছে বলে প্রথমেই কেউ ভাববেন।
তুমুল জনপ্রিয় এই ভিডিও গেইম সিরিজটি গড়ে উঠেছে চুরি করা গাড়ি নিয়ে বড় সব শহরে বেপরোয়া ছুটে চলার ধারণার ওপর।
বিবিসি লিখেছে, পুলিশের সঙ্গে উচ্চগতির ধাওয়া, গাড়ির চাকা পিছলে যাওয়া, চক্কর দেওয়া ও সংঘর্ষের ঘটনাই এই রোমাঞ্চের অংশ। গেইমারদের ইচ্ছা করলে তারা পথচারীদেরও চাপা দিতে পারেন।
ফলে ফ্র্যাঞ্চাইজিটির এই গাড়ি-সংক্রান্ত বিশৃঙ্খলাকে বাস্তব দুনিয়ার সড়ক আরও নিরাপদ করার কাজে লাগানো হচ্ছে এ কথা জানলে কিছুটা অবাকই হতে হয়।
সাইকেল আরোহীদের নিরাপত্তা প্রযুক্তি পরীক্ষা করা থেকে শুরু করে স্বচালিত গাড়িকে সড়কের ঝুঁকি এড়াতে শেখানো পর্যন্ত গ্র্যান্ড থেফট অটো গেইমগুলোকে নানাভাবে কাজে লাগিয়ে এমন সব পরীক্ষায় ব্যবহার করছেন গবেষকেরা, যা সড়কে দুর্ঘটনা ও হতাহতের ঘটনা কমানোর প্রতিশ্রুতি দেয়।
জার্মানির ‘ওসনাব্রুক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস’-এর প্রকৌশলী ও কম্পিউটার বিজ্ঞান গবেষক মিলেনা ইয়াগার বলেছেন, “সড়ক নিরাপত্তায় পরিধেয় প্রযুক্তি ও নতুন ডিজিটাল ডিভাইসের কার্যকারিতা পরীক্ষা করতে আমরা এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলাম, যা বাস্তব সড়কে পরীক্ষা করলে বিপজ্জনক হতে পারত।”
সাম্প্রতিক গ্র্যান্ড থেফট অটো গেইমগুলোর খেলার পরিবেশ তৈরিতে ব্যবহৃত বাস্তবসম্মত পদার্থবিজ্ঞানের মডেল, সেই সঙ্গে সড়কের বৈচিত্র্যময় পরিস্থিতি, আবহাওয়া ও যানজট ইয়াগারের মতো গবেষকদের প্রাথমিক পর্যায়ের পরীক্ষার জন্য সাশ্রয়ী ও প্রস্তুত পরীক্ষাক্ষেত্র দিয়েছে। পাশাপাশি এতে নানা উন্নত ড্রাইভিং সিমুলেটরও মিলছে, যা তৈরি করতে তাদের হিমশিম খেতে হত।
নেদারল্যান্ডসের ‘আইন্ডহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র হিউম্যান ফ্যাক্টর্স প্রকৌশলী পাভলো বাজিলিনস্কি বলেছেন, “২০ কোটি থেকে ১০০ কোটি ইউরোর বাজেটে তৈরি পরিশীলিত পণ্য সিমুলেটর সেটআপের চেয়ে অনেক এগিয়ে।”
ভবিষ্যতের সড়ক নকশার সিদ্ধান্তে সহায়তা করতে বিপজ্জনক ট্রাফিক পরিস্থিতিতে সড়ক ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গি বা তাকানোর ধরন বিশ্লেষণে তিনি ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ বা জিটিএ ফাইভ ব্যবহার করেছেন।
সাইকেল আরোহীদের ‘ষষ্ঠ ইন্দ্রিয়’
ব্যস্ত সড়কে চলাচলের সময় আশপাশের বিপদ সম্পর্কে সাইকেল আরোহী ও পথচারীদের সতর্ক করার ডিভাইস তৈরির সময় ইয়াগার ও তার সহকর্মীরা জিটিএ গেইমের শরণাপন্ন হন।
তাদের একটি ডিভাইস বাইকের হ্যান্ডেলবারে যুক্ত করা হয়; যা পেছন থেকে কোনো যানবাহন এগিয়ে এলে এটা তীব্রভাবে কেঁপে উঠে আরোহীকে সতর্ক করে।
আরেকটি সংস্করণ ছিল কম্পনশীল ভেস্ট, যা পরিধানকারীকে এগিয়ে আসা যানবাহন সম্পর্কে এক ধরনের ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ দেয়।
তবে স্বেচ্ছাসেবকদের বিপদের মুখে না ফেলে বাস্তব সড়কে এ ধরনের প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা বেশ কঠিন। তবে দলটি বুঝতে পারে তারা জিটিএ ফাইভে একটি ‘মড’, অর্থাৎ গেইমটিকে সামান্য পরিবর্তন করার সফটওয়্যার যুক্ত করতে পারেন, যার মাধ্যমে খেলোয়াড় কোথা থেকে শুরু করবেন ও কোন দৃশ্যপট চালু হবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।
‘ওসনাব্রুক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস’-এর ইয়াগার ও তার সহকর্মীদের এই গবেষণায় নেতৃত্ব দেওয়া প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক জুলিয়াস শনিং বলেছেন, “যেহেতু জিটিএ ফাইভ গেইমারদের ওপর ট্রাফিক আইন প্রয়োগ করে না, ফলে ইচ্ছাকৃতভাবে প্রায় যে কোনো ট্রাফিক পরিস্থিতি তৈরি করা যায়।”
তারা ল্যাবে একটি বাইসাইকেল বসিয়েছেন, যার সামনে জিটিএ ফাইভের দৃশ্য দেখানো একটি পর্দা ও পেছনে একটি পর্দা রাখা হয়, যাতে সাইকেল আরোহীরা কাঁধের ওপর দিয়ে পেছনে তাকালে পেছনের দৃশ্য দেখতে পান।
এরপর তারা স্বেচ্ছাসেবকদের গেইমটির কাল্পনিক শহর লস সান্তোসের একটি সড়ক ধরে ‘সাইকেল চালাতে’ পাঠান, যেখান দিয়ে অনেক ট্রাক গর্জন করতে করতে ছুটে যায়।
আসন্ন বিপদ সম্পর্কে সাইকেল আরোহীদের সতর্ক করার ক্ষেত্রে দুটি ডিভাইসই সফল প্রমাণিত হয়েছে, তবে এগুলো এখনো বাণিজ্যিক পণ্যে রূপ নেয়নি।
মানুষের আচরণ পরীক্ষা
তবে অনেক সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রযুক্তির চেয়ে মানুষই মূল কারণ হয়ে দাঁড়ায়। সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতিতে মানুষ কীভাবে ও কেন এমন আচরণ করে তা বোঝাই সড়ক নিরাপদ করার উপায় বের করার মূল চাবিকাঠি।
বাজিলিনস্কি ও তার সহকর্মীরা ব্যস্ত শহরে বিপদের মুখে সাইকেল আরোহীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের একটি উপায় খুঁজছিলেন। জিটিএ ফাইভের সঙ্গে ‘আই-ট্র্যাকিং’ বা চোখের গতিবিধি নজরদারি প্রযুক্তি যুক্ত করে তারা ঠিক কোথায় স্বেচ্ছাসেবকরা তাকাচ্ছেন তা অনুসরণ করতে পেরেছিলেন। যেমন, গেইমের ভেতরে পার্কিং থেকে একটি গাড়ি বের হওয়ার সময়, গাড়ির দরজা খোলার মুহূর্তে বা ব্যস্ত কোনো মোড়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময়।
বাজিলিনস্কি বলেছেন, “এর লক্ষ্য ছিল ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার নকশা ও নীতিনির্ধারণে সহায়তা করতে মানুষের আচরণ পরিমাপ করা। সড়কের নকশা বা বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্তে তথ্য জোগানো এর একটি ভালো উদাহরণ।
“চূড়ান্ত লক্ষ্য সড়ককে আরও নিরাপদ করা এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা কমিয়ে আনা।”
স্বচালিত যানবাহনকে প্রশিক্ষণ
তবে সড়ক নিরাপত্তা গবেষণায় ‘গ্র্যান্ড থেফট অটো’ গেইমগুলোর সবচেয়ে ব্যাপক ব্যবহার হয়েছে স্বচালিত গাড়িগুলোকে আরও নিরাপদে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে এআই’কে শেখানোর কাজে।
দক্ষিণ কোরিয়ার দাইজনে অবস্থিত ‘কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র প্রকৌশলীরা জিটিএ ফাইভ ব্যবহার করে গেইমের ভেতরের দুর্ঘটনা ও অন্যান্য পরিস্থিতির বড় এক ডেটাসেট তৈরি করেছেন।
এরপর তারা সড়কে থাকা অন্যান্য বিপজ্জনক যানবাহন শনাক্ত করতে এআই অ্যালগরিদমকে প্রশিক্ষণ দেওয়ার কাজে এটা ব্যবহার করেন, যাতে স্বচালিত গাড়ি সেগুলো এড়িয়ে চলতে শিখতে পারে।
বিশ্বজুড়ে আরও বেশ কয়েকটি গবেষক দল কোনো কিছুতে ধাক্কা না লাগিয়ে ব্যস্ত শহরের রাস্তা দিয়ে নিরাপদে চলাচলের জন্য এআই সফটওয়্যারকে প্রশিক্ষণ দিতে জিটিএ গেইমগুলো ব্যবহার করছে।
তবে স্বচালিত যানবাহনের জন্য সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল সংঘর্ষ এড়ানোর সাধারণ নির্দেশনা নয়, বরং কঠিন সিদ্ধান্তের মুখে পড়লে এটা কী করবে তা নির্ধারণ করা।
দুজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে বাঁচাতে গাড়িটি কি ফুটপাতের দিকে মোড় নেবে, যেখানে সেখানে হাঁটতে থাকা এক বৃদ্ধাকে চাপা দেওয়ার ঝুঁকি থাকে নাকি বাইকটিকে ধাক্কা দিয়ে উভয় যানের যাত্রীদের ঝুঁকিতে ফেলবে?
যুক্তরাষ্ট্রের ‘ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি’র গবেষকেরা স্বচালিত যানবাহনের জন্য নৈতিক সিদ্ধান্ত গ্রহণের অ্যালগরিদম পরীক্ষা করে ঠিক এসব সমস্যায় সমাধানের চেষ্টা করেছেন।
তারা জিটিএ ফাইভে নয়টি ভিন্ন উদ্বেগজনক পরিস্থিতিতে এটা পরীক্ষা করেছেন।
তারা বলছেন, নৈতিক উভয়সংকট বিবেচনা করে অ্যালগরিদমটি সম্ভাব্য প্রাণহানি প্রায় ২৪ শতাংশ কমাতে পারে। তবে গবেষণার এই ক্ষেত্র এখনও বিতর্কিত রয়ে গেছে।
