১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জিটিএ সিক্স: গেইম নয়, যেন এক উৎসবের প্রতীক্ষা

এটি দীর্ঘদিন ধরে অপেক্ষা করা একটি অভিজ্ঞতার শুরু, বন্ধুদের সঙ্গে সেই কৈশরের গেইমিং স্মৃতি ফিরিয়ে আনার উপলক্ষ এবং নতুন একটি জগতে প্রবেশের সুযোগ।

জিটিএ সিক্স: গেইম নয়, যেন এক উৎসবের প্রতীক্ষা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্দে আসন্ন ভিডিও গেইম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’-এর বিজ্ঞাপন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 04:08 PM

Updated : 18 Nov 2026, 04:08 PM

কেউ অফিস থেকে ছুটি নিচ্ছেন, কেউ আগেই ডাউনলোড করে রাখছেন, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে ঠিক করে নিচ্ছেন, আগামী কয়েক দিন তাকে যেন বিরক্ত করা না হয়।

এমনকি এই সময়ে কোন কাজ কখন করা যাবে, কখন বিরতি নেওয়া যাবে, তা নিয়ে তৈরি হচ্ছে ব্যক্তিগত চুক্তিও।

আর এর সবই কেবল একটি গেইমের মুক্তির জন্য।

বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে গ্র্যান্ড থেফট অটো সিরিজের নতুন গেইম গ্র্যান্ড থেফট অটো সিক্স। আর এ নিয়ে ভক্তদের উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, গেইমটি মুক্তির আগেই তা বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে।

১৩ বছর পর নতুন কিস্তি আসছে বলে এই অপেক্ষা আরও স্পেশাল হয়ে উঠেছে। আগের গেইম গ্র্যান্ড থেফট অটো ফাইভ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এর পর থেকে নতুন পর্ব নিয়ে নানা আলোচনা, জল্পনা, ট্রেইলার বিশ্লেষণ এবং গেইমটির প্রতিটি নতুন দৃশ্য ঘিরে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে।

এ নিয়ে রয়টার্সের এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রে গেইমটির মুক্তির দিন কর্মীদের ছুটির আবেদন সাধারণ নভেম্বরের দিনের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। কর্মীদের সময়সূচি ব্যবস্থাপনার তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পেয়েছে ‘বাম্বুএইচআর’।

Image

সিঙ্গাপুরের ইউটিউবার জুলিয়ান টে, ৩৪, ও তার স্ত্রী, কনটেন্ট নির্মাতা লিসা চ্যান, ২৬, নিজেদের মধ্যে স্বাক্ষর করা ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ গেইম খেলার চুক্তিপত্র হাতে। ছবি: রয়টার্স

১৫০০ ব্যক্তির ওপর করা তাদের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জেন জিদের প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ওই দিন ছুটি নেওয়ার পরিকল্পনা করেছেন। ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানে মানবসম্পদবিষয়ক সেবা দেওয়া কোম্পানিটি বলেছে, এই ১৩ শতাংশ ছুটির পরও ওই দিন অসুস্থতাজনিত ছুটিও অনেকে নেবেন বলে তারা ধারণা করছেন।

গেইমটির মুক্তির দিনকে ঘিরে এই আয়োজন শুধু ছুটি নেওয়াতেই সীমাবদ্ধ নয়। সিঙ্গাপুরের ইউটিউবার ও গেইমার জুলিয়ান টেই সামাজিক মাধ্যমে স্ত্রীকে নিয়ে তৈরি করেছেন পাঁচ দফার একটি ‘গেইমিং চুক্তি’। সেখানে গেইম মুক্তির পর প্রথম ১০ দিন কোন সময়ে খেলতে বাধা দেওয়া যাবে, কখন ঘরের কাজ করতে হবে, এমনকি কখন আলিঙ্গন বা চুমুর জন্য বিরতি নিতে হবে, তারও নিয়ম ঠিক করা আছে।

গেইমিং হার্ডওয়্যার নির্মাতা লজিটেকও কর্মীদের জন্য বাড়তি এক দিন ছুটি ঘোষণা করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘গেইম ডে’। রয়টার্সের প্রতিবেদন বলছে, এটি বিনোদন জগতে বিরল এক সম্মিলিত উন্মাদনার উদাহরণ।

এত প্রতীক্ষা কেন?

গ্র্যান্ড থেফট অটো সিরিজের জনপ্রিয়তা শুধু গেইম খেলার মধ্যে সীমাবদ্ধ নয়। গেইমটির বিশাল উন্মুক্ত জগৎ, স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ, গল্প, চরিত্র, গাড়ি, অপরাধভিত্তিক মিশন, ব্যঙ্গাত্মক উপস্থাপনা এবং বাস্তব সমাজের নানা বিষয় নিয়ে ঠাট্টা, সব মিলিয়ে এটি দীর্ঘদিন ধরে গেইমিং কালচারের একটি বড় অংশ হয়ে আছে।

আগের কিস্তি গ্র্যান্ড থেফট অটো ফাইভ বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেইমগুলোর অন্যতম। সেই গেইমের অনলাইন সংস্করণও বছরের পর বছর ধরে খেলোয়াড়দের ধরে রেখেছে। ফলে নতুন কিস্তি আসার ঘোষণা থেকেই ভক্তদের প্রত্যাশা অনেক উঁচুতে উঠে যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন গেইমটির প্রথম ট্রেইলার ইউটিউবে ৩০ কোটির বেশি বার দেখা হয়েছে। ট্রেইলার প্রকাশের পর থেকেই ভক্তরা দৃশ্য, চরিত্র, গেইমের পরিবেশ এবং সম্ভাব্য গল্প নিয়ে নানা বিশ্লেষণ করেছেন। এমনকি গেইমটির দীর্ঘ প্রতীক্ষাকে নিয়ে গেইমিং দুনিয়ায় নিয়মিত রসিকতাও তৈরি হয়েছে।

ফিরছে ভাইস সিটি

নতুন গেইমের গল্পের পটভূমি ভাইস সিটি, যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের আদলে তৈরি একটি কাল্পনিক নগরী। তবে এবার শুধু শহর নয়, লিওনিডা নামের একটি কাল্পনিক অঙ্গরাজ্যের বিস্তৃত এলাকায় গেইমের গল্প ছড়িয়ে পড়বে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র জেসন ও লুসিয়া। একটি ডাকাতির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তারা অপরাধজগতের আরও বড় ঝামেলায় জড়িয়ে পড়েন। গেইমটিতে দুই চরিত্রকে নিয়ে খেলার সুযোগ থাকবে।

নির্মাতা রকস্টার গেইমস বলছে, নতুন পর্বে সিরিজের সবচেয়ে বড় এবং বিস্তারিত খোলা জগৎ তৈরি করা হয়েছে। গেইমের পরিবেশ, শহরের স্থাপত্য, মানুষের জীবনযাপন এবং বিভিন্ন এলাকার বৈশিষ্ট্য তুলে ধরতে দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন জায়গা ঘুরে গবেষণা করেছেন নির্মাতারা।

মায়ামি, ফ্লোরিডা কিজ এবং আশপাশের এলাকা ঘুরে দেখার পাশাপাশি এভারগ্লেডসের ওপর দিয়ে উড়ে অঞ্চলটির পরিবেশ বোঝার চেষ্টা করেছেন গেইম নির্মাতারা। শহরের ইতিহাস, স্থাপত্য এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহ করেছেন তারা।

বাস্তব মায়ামির সঙ্গে গেইমের ভাইস সিটির মিল কতটা, তা দেখতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। কেউ গেইমের ট্রেইলার দেখে শহরের আলো, রং, স্থাপত্য এবং বাস্তব জীবনের পরিবেশের সঙ্গে মিল খুঁজছেন।

Image

সিঙ্গাপুরের একটি গণপরিবহন স্টেশনে ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ গেইমের বিজ্ঞাপন। ছবি: রয়টার্স

গেইমের বাইরেও ব্যবসা ও বিনোদন

গ্র্যান্ড থেফট অটো সিক্স ঘিরে আগ্রহ শুধু গেইমারদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। গেইমটির পটভূমির সঙ্গে মিল রেখে মায়ামির বিভিন্ন ব্যবসা, ক্রীড়া দল এবং স্থানীয় কর্তৃপক্ষও প্রচারণায় অংশ নিচ্ছে।

মায়ামি ও আশপাশের এলাকায় গেইমটির নাম ও ভাইস সিটির আবহ ব্যবহার করে প্রচারণা চলছে। মায়ামি হিটের বাস্কেটবল জার্সিতে ভাইস সিটির রং ও পরিচিতি ব্যবহার করা হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন, দেয়ালচিত্র এবং বিশেষ আয়োজনও করা হয়েছে।

এ নিয়ে বিতর্কও রয়েছে। কিছু স্থানীয় কর্মকর্তা কেবল একটি গেইমের প্রচারে সরকারি সম্পদ ব্যবহারের বিরোধিতা করেছেন। বিশেষ করে যে গেইম তৈরি হয়েছে অপরাধ ও সহিংসতাকে কেন্দ্র করে।

আবার, অন্যদের যুক্তি, গেইমটির প্রচারণা শহরের পরিচিতি বাড়াতে এবং পর্যটন ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করতে পারে।

মুক্তির আগেই শত কোটি ডলারের প্রত্যাশা

গেইমটির বাণিজ্যিক সম্ভাবনাও আলোচনার বড় বিষয়। যুক্তরাষ্ট্রে সাধারণ সংস্করণটির দাম ৭৯ দশমিক ৯৯ ডলার। নির্মাণ ব্যয় একশ কোটি ডলার বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বাজার বিশ্লেষকদের হিসাব তুলে ধরে বলা হয়েছে, গেইমটির প্রায় এক কোটি প্রি-অর্ডার হতে পারে। গড় বিক্রয়মূল্য প্রায় একশ ডলার ধরে মুক্তির মুহূর্তেই ভোক্তা ব্যয় একশ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিউজুর অনুমান, প্রথম সপ্তাহে বিক্রি থেকে আয় হতে পারে অন্তত ৩২৫ কোটি ডলার।

তবে এসব সংখ্যা বাজার বিশ্লেষকদের অনুমান, চূড়ান্ত বিক্রির হিসাব নয়। গেইমটি মুক্তির পরই প্রকৃত বিক্রির চিত্র স্পষ্ট হবে।

Image

আগামী ১৯ নভেম্বর মুক্তির নির্ধারিত তারিখ সামনে রেখে জার্মানির বার্লিনের এক ইলেকট্রনিকস দোকানে ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ গেইমের প্রচারণামূলক ডিসপ্লে। ছবি: রয়টার্স

গেইমের মুক্তি, এক প্রজন্মের প্রতীক্ষার সমাপ্তি

গ্র্যান্ড থেফট অটো সিক্স মুক্তির আগে তৈরি হওয়া এই উন্মাদনার একটি বড় কারণ সময়। ২০১৩ সালে গ্র্যান্ড থেফট অটো ফাইভ মুক্তির সময় যারা কিশোর ছিলেন, তাদের অনেকেই এখন কর্মজীবনে প্রবেশ করেছেন। কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেউ চাকরি করছেন, কেউ পরিবার গড়েছেন। সেই সময়ের গেইমটি নিয়ে স্মৃতি এখন নতুন কিস্তির অপেক্ষার সঙ্গে মিশে গেছে।

তাই গ্র্যান্ড থেফট অটো সিক্সের মুক্তি অনেকের কাছে শুধু নতুন একটি গেইম হাতে পাওয়ার ঘটনা নয়। এটি দীর্ঘদিন ধরে অপেক্ষা করা একটি অভিজ্ঞতার শুরু, বন্ধুদের সঙ্গে সেই কৈশরের গেইমিং স্মৃতি ফিরিয়ে আনার উপলক্ষ এবং নতুন একটি জগতে প্রবেশের সুযোগ।

বৃহস্পতিবার গেইমটি মুক্তির পর প্রত্যাশা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে কতটা মিল থাকবে, সেটিই এখন দেখার বিষয়। তবে মুক্তির আগেই একটি বিষয় স্পষ্ট, গ্র্যান্ড থেফট অটো সিক্সকে ঘিরে আগ্রহ গেইমিং দুনিয়ার সীমানা ছাড়িয়ে সাধারণ বিনোদন ও সামাজিক আলোচনার অংশ হয়ে উঠেছে।