২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার উপকূলে পণ্যবাহী জাহাজডুবি, একজনের মৃত্যু

১৬ জন ক্রুর মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে তিনজন।

কিউবার উপকূলে পণ্যবাহী জাহাজডুবি, একজনের মৃত্যু

ফাইল ছবি: ভেসেলফাইন্ডার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 11:04 AM

Updated : 28 Nov 2026, 11:04 AM

কিউবার পশ্চিম উপকূলে ২০৮টি কনটেইনারবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, পানামার পতাকাবাহী ‘হালিমা’ নামের জাহাজটি বৃহস্পতিবার ভোরে কিউবার আর্টেমিসা প্রদেশের কাবানাস উপসাগরের প্রায় তিন নটিক্যাল মাইল উত্তরে ডুবে যায়।

কিউবার মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, জাহাজটিতে মিশর ও ইন্দোনেশিয়ার ১৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে।

তুরস্কভিত্তিক কোম্পানি সিড্রা লাইন পরিচালিত জাহাজটি কী কারণে ডুবে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো তেল নিঃসরণের খবরও পাওয়া যায়নি।

জাহাজ মালিকের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং উদ্ধার তৎপরতা চালাতে একটি কমিশন গঠন করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। খাদ্য, জ্বালানি ও নিত্যপণ্যের জন্য দেশটি সামুদ্রিক আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।