০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় গর্তের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণায় গর্তের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দা থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 02:33 PM

Updated : 02 Nov 2026, 02:33 PM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গর্তের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর প্রাণ গেছে।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা জানিয়েছেন।

পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত হুমায়রা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।

শিশুটির বাবা আলম মিয়া বলেন, “পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে যায় হুমায়রা।

“অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে তাকে ওই গর্তের পানি থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।”

চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন বলছেন, “শিশুটি গর্তের পানিতে ডুবে গিয়েছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।”

পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি সোহেল রানা জানিয়েছেন।