১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পুকুরে গোসলে নেমে একজন এবং বাড়ির পাশে গর্তে জমা পানিতে ডুবে অপর শিশুর মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 07:32 PM

Updated : 16 Nov 2026, 07:32 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় আলাদা ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুর পরিবারে চলছে শোকের মাতম।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এবং সন্নাসীচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-মমিন।

নিহতদের মধ্যে জুনায়েদ (১০) উপজেলা স্বাস্থ্য কলোনির ওবায়দুল খালাসীর ছেলে। অপর নিহত দেড় বছরের হুমায়রা হাওলাদারকান্দি গ্রামের আলম মিয়ার মেয়ে।

স্বজনরা জানান, দুপুরে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে নামে জুনায়েদ। তার সঙ্গে একটি লাইফ জ্যাকেট থাকলেও সেটি না পরেই পানিতে নামে। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

এক পর্যায়ে পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেটটি পড়ে থাকতে দেখেন স্বজনরা। এরপর পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে জুনায়েদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিন বিকালে হাওলাদারকান্দি গ্রামে বাড়ির পাশে মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তে জমা পানিতে ডুবে যায় হুমায়রা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আল-মমিন বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।