হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
দ্বিপক্ষীয় সম্পর্কের আলোচনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যাড মিলিব্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জোনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) ফাঁকে সোমবার তাদের এই বৈঠক হওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মন্ত্রীই দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
“এই সম্পর্কের প্রতিফলন ঘটেছে দুই দেশের জোরালো বাণিজ্য, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্যের সহজ প্রবেশাধিকার, বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ এবং দেশের জাতীয় বিমান সংস্থার জন্য এয়ারবাস কেনার বিষয়ে বাংলাদেশের চুক্তিতে সম্মতির মধ্য দিয়ে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ওই বৈঠকে যোগদানের সময়টাতে তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জলবায়ু, নিরাপদ, বৈধ ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে বহুপক্ষীয় সংস্থাগুলোতে পারস্পরিক সমর্থনের বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয়ে একমত হয়েছে।
“১০ লাখের বেশি বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছেন তিনি।”
সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নামকে আমন্ত্রণ জানান হুমায়ুন।
