১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৪০ বছর বয়সি টেইলরের আরেকটি সেঞ্চুরি, অভিষেকে মারুফখিলের ৭ উইকেট

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে জিম্বাবুয়ে।

৪০ বছর বয়সি টেইলরের আরেকটি সেঞ্চুরি, অভিষেকে মারুফখিলের ৭ উইকেট

ব্রেন্ডান টেইলর। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:36 PM

Updated : 14 Nov 2026, 10:35 PM

অপেক্ষা ছিল চার রানের। বেশি সময় নেননি ব্রেন্ডান টেইলর। দিনের দ্বিতীয় ওভারে কাঙ্ক্ষিত সেঞ্চুরির ঠিকানায় পা রাখেন অভিজ্ঞ ব্যাটসম্যান। পরে বোলারদের নৈপুণ্যে ম্যাচে চালকের আসনে বসেছে জিম্বাবুয়ে।

শারজাহতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ৩৩৯ রানে। জবাবে আফগানিস্তান দিন শেষ করে ৬ উইকেটে ১৫৯ রান নিয়ে। এখনও ১৮০ রানে পিছিয়ে আছে আফগানরা।

টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিতে ২১৭ বলে ১১৯ রান করেন টেইলর। একই মাঠে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে ১৩১ ও ৮২ রান করেন ৪০ বছর বয়সি এই ব্যাটসম্যান।

Image

নাসির খান মারুফখিল। ছবি: এসিবি ফেইসবুক

১৫১ রানে ৭ উইকেট নিয়ে টেস্ট অভিষেকের উপলক্ষ রাঙান আফগানিস্তানের ২০ বছর বয়সি বাঁহাতি স্পিনার নাসির খান মারুফখিল।

টেস্ট অভিষেকে আফগানিস্তানের কোনো বোলারের দ্বিতীয় সেরা বোলিং এটি। ২০২৫ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেকে ৯৭ রানে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েন জিয়াউর রেহমান।

৫ উইকেটে ২৫০ রান নিয়ে শনিবারের ব্যাটিং শুরু করা জিম্বাবুয়ে আরও ৮৯ রান যোগ করে অলআউট হয়।

প্রথম দিন ৯৬ রানে অপরাজিত থাকা টেইলর দিনের দ্বিতীয় ওভারে ৯৯ থেকে এক রান নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি। মারুফখিলকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে থামেন তিনি। তাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তরুণ স্পিনার।

আট নম্বরে ব্র্যাড ইভান্সের অপরাজিত ৩২ রানের ইনিংসের সুবাদে ৩৩৯ পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে।

জবাবে আফগানিস্তানের ব্যাটিংয়ের শুরুটা হয় খুবই বাজে। প্রথম ১০ ওভারের মধ্যে তারা ২৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। চা-বিরতির সময় তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫৪ রান।

২৭তম ওভারে দলীয় শতরান স্পর্শ করলেও, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ১৩৬ রানে ৫ উইকেট হারায় তারা। ৩০ ছুঁয়ে ফেরেন রাহমানউল্লাহ (৩৪), হাশমাতউল্লাহ শাহিদি (৩০) ও রেহমাহ শাহ (৩০)।

এরপর আফসার জাজাই ও ইকরাম আলিখিল প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু দিনের শেষ দিকে বিদায় নেন আলিখিল। ৩৩ রানে অপরাজিত আছেন জাজাই।

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি তিনটি, ভিনসেন্ট মাসেকেসা দুটি ও ইভান্স একটি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১১৪.৫ ওভারে ৩৩৯ (আগের দিন ২৫০/৫) (টেইলর ১১৯, সিগা ২০, ইভান্স ৩২*, ক্রিমার ৭, মাসেকেসা ০, মুজারাবানি ৯; আহমাদজাই ২৬.৫-৩-৮১-১, জিয়াউর ১৮-৩-৩৯-২, সালিম ২৫-৬-৫৬-০, মারুফখিল ৪৪-১২-১৫১-৭, শাহিদি ১-০-১২-০)

আফগানিস্তান ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৫৯/৬ (আটাল ১, মালিক ১৮, রাহমানউল্লাহ ৩৪, শাহিদি ৩০, রেহমাত ৩০, জাজাই ৩৩*, আলিখিল ৬, মারুফখিল ৩* মুজারাবানি ১৩-২-৩১-৩, ইভান্স ১১-৪-২৪-১, নাকভি ৫-১-১৯-০, ক্রিমার ৮-০-৩৫-০, মাসেকেসা ১১-৪-৪৭-২)