২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার ভরি ফের ২ লাখ টাকা ছাড়াল

তিন দিনে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বাড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 12:14 PM

Updated : 28 Nov 2026, 12:14 PM

সোনার দাম আরও বেড়েছে। একদিনের ব্যবধানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আর তাতে ভরি ফের ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকায় দাঁড়িয়েছে। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।

শনিবার সকাল থেকে সারাদেশে নতুন এই দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল; ভরি উঠেছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায়।

বৃহস্পতিবার একই পরিমাণ বাড়ানো হয়; ভরি উঠেছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়।

এ নিয়ে তিন দিনে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বাড়ল।

বুধবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস; ভরি নেমেছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়।

তার আগে দুই দিনে দুই দফায় ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছিল। এর মধ্যে সোমবার বেড়েছিল ৩ হাজার ১৪৯ টাকা; মঙ্গলবার বাড়ে ১ হাজার ৫৭৫ টাকা।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও টানা পড়ছিল সোনার দর। দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেটের সোনার দাম ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল। ওই পতনে এক বছর পর গত ২২ নভেম্বর ২২ ক্যারেট মানের সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মত ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়ায়।

এর পর আরও কয়েক দফা বেড়ে ২০ অক্টোবর ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। এর পর নিম্মমুখী হয় বাজার; ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে ১ লাথ ৯৩ হাজার ৮০৯ টাকায় নেমে আসে।

একদিন না যেতেই ৩০ অক্টোবর ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়; ভরি ফের ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় ওঠে।

এর পর থেকে ২ লাখ টাকার উপরেই ছিল ২২ ক্যারেট সোনার ভরি।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে দেশের বাজারে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম।

এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

কতটা বাড়ল

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, শনিবার হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৭ হাজার ২৮০ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগছে ১ লাখ ৯২ হাজার ৫১৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার সারা দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেট মানের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকায়।

১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে।

দাম বাড়ানোর ব্যাখায় বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

যেভাবে ২ লাখ টাকার নিচে নেমেছিল

তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল।

পরদিন ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তাতে দাম নেমে আসে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।

১১ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা; ভরি নামে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা; নামে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।

১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। পরের দিন ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

১৮ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়। পরের দিন ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়।

২০ নভেম্বর কমানো হয় রেকর্ড পরিমাণ ১০ হাজার ৯৬৪ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়।

একদিন না যেতেই ২১ নভেম্বর আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়; তাতেই ভরি ২ লাখ টাকার নিচে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় নেমেছিল।

সব মিলিয়ে দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল।

বিশ্ববাজার

দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম ঘুরে দাঁড়িয়েছে। সপ্তাহজুড়ে দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম এক পর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম হয় ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে (আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম) সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

এরপর ঊর্ধ্বমুখী হয়েছিল বাজার। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ডলারের দরপতন ও বন্ডের সুদের হার কমায় বিশ্ববাজারে সোনার দর আরও বেড়েছিল।

তবে ১০ নভেম্বর বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। পরের দিন (১১ নভেম্বর) কিছুটা ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু।

এর পর থেকে পতনের ধারাতেই ছিল। গত কয়েক দিন ওঠানামা করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনার দাম; সপ্তাহজুড়ে দাম বাড়ল প্রায় ৩ শতাংশ।

শুক্রবার সোনার দাম কিছুটা কমেছে। শক্তিশালী মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির ইঙ্গিতে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হওয়ায় কিছুটা দর হারায় মূল্যবান এই ধাতু।

তবে দরপতনের সুযোগে বিনিয়োগকারীদের সোনা কেনার প্রবণতা বাড়ায় সপ্তাহজুড়ে দাম বৃদ্ধির ধারায় রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন দামে নেমে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে। ফলে টানা দুই সপ্তাহ দরপতনের পর এবার সপ্তাহজুড়ে প্রায় ৩ শতাংশ মূল্যবৃদ্ধির পথে রয়েছে মূল্যবান এই ধাতু।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টা ১ মিনিট পর্যন্ত (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ১ মিনিট) স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৯ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেনে একপর্যায়ে দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য সোনার ফিউচার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৭ দশমিক ৬০ ডলারে উঠেছে।

রুপার দাম অপরিবর্তিত

দেশের বাজারে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

হলমার্ক করা ২২ ক্যারেট রূপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। প্রতি ভরি কিনতে লাগছে ৩ হাজার ৩৩ টাকা।