‘স্পেশাল গোলে’ রেয়ালকে জিতিয়ে নাদালের প্রশংসায় ভাসলেন ইস্পি
সেল্তা ভিগোর বিপক্ষে বদলি নেমে ৮৫তম মিনিটে জয়সূচক গোল করা কার্লোস এস্পি ভীষণ খুশি টেনিস কিংবদন্তির প্রশংসা শুনে।
সময় ফুরিয়ে আসছিল। উঁকি দিচ্ছিল পয়েন্ট হারানোর শঙ্কা। তখনই ব্যবধান গড়ে দিলেন কার্লোস এস্পি। সেল্তা ভিগোর বিপক্ষে তিন পয়েন্ট এনে দেওয়া এই গোল তরুণ স্ট্রাইকারের কাছে ‘সবচেয়ে স্পেশাল।’
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতে রেয়াল। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যাম সমতা ফেরানোর পর, ৮৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন এস্পি।
৭৯তম মিনিটে মাঠে নামেন গত গ্রীষ্মে বের্নাবেউয়ে আসা স্প্যানিশ স্ট্রাইকার। ভিনিসিউস জুনিয়রের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি।
এই মৌসুমে রেয়ালের হয়ে লা লিগায় কেবল ৪৪ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এস্পি। এর মধ্যেই করেছেন তিনটি গোল। তিনটি গোলই এস্পানিওল, এলচে ও সেল্তার বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ৪-৩ ব্যবধানের জয়েও জালের দেখা পান ইস্পি।
বের্নাবেউয়ে সেল্তার বিপক্ষে গোলটি তার মনে বিশেষ একটা জায়গা করে নিয়েছে।
“আমি মনে করি, এটাই সবচেয়ে স্পেশাল। সত্যি বলতে, এই দিনটা আমি কখনও ভুলব না… আমি এমনকি বলতেও পারব না কতবার এখানে গোল করার, ভক্তদের সঙ্গে উদযাপন করার এবং নিজের নামে চিৎকার শোনার স্বপ্ন দেখেছি।”
এদিন মাঠে উপস্থিত ছিলেন রেয়ালের বোর্ডে নতুন যোগ হওয়া টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। তার উপস্থিতিতে দিনটা যেন আরও স্বপ্নময় হয়ে উঠে এস্পির জন্য।
“(ম্যাচের পর)আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে নিয়ে খুব গর্বিত। রাফায়েল নাদালের মতো একজন কিংবদন্তিকে এখানে পাওয়া, তার সঙ্গে কথা বলা, আমি ভীষণ খুশি।”
১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেয়াল। ১২ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।
