২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

অক্সফোর্ডের গবেষণা: বছরে মাত্র দুটি ইঞ্জেকশনে কমতে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি

দাবি করা হয়েছে, একটি ওষুধের দুটি ডোজ বছরে দুইবার নিলেই হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

অক্সফোর্ডের গবেষণা: বছরে মাত্র দুটি ইঞ্জেকশনে কমতে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি

রক্তনালির দেওয়ালে চর্বি জমতে পারে, এতে বাড়তে থাকে হৃদরোগ অথবা স্ট্রোকের ঝুঁকি। ছবি: ইমার্জেন্সি ফিজিশিয়ান্স ডট অর্গ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 09:27 PM

Updated : 29 Nov 2026, 09:34 PM

বিশ্বজুড়ে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা খারাপ কোলস্টেরল জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি, যা প্রতি বছর প্রায় ৩৬ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চলতি বছর প্রকাশিত গ্লোবাল বার্ডেন অব ডিজিজ গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বের মোট মৃত্যুর প্রায় ছয় শতাংশই ঘটে অতিরিক্ত খারাপ কোলেস্টেরলের কারণে সৃষ্ট হৃদরোগ ও স্ট্রোকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৩৯ শতাংশ মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। নারীদের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ৩৭ শতাংশ।

বাংলাদেশে রক্তে কোলস্টেরলের হারও অত্যন্ত উদ্বেগজনক। সাম্প্রতিক জাতীয় জরিপ ও গবেষণা অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৭৬ শতাংশ থেকে ৮০ শতাংশ মানুষের রক্তে কোনো না কোনো ধরনের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা অস্বাভাবিক।

অথচ তা বাইরে থেকে বোঝার উপায় নেই। দেখতে একেবারে সুস্থ, স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে রক্তনালির দেওয়ালে চর্বি জমতে পারে, এতে বাড়তে থাকে হৃদরোগ অথবা স্ট্রোকের ঝুঁকি। তবে এ পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের সাফল্যের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

তারা বলছে, সম্প্রতি উদ্ভাবিত একটি ওষুধের দুটি ডোজ ইঞ্জেকশন হিসেবে বছরে দুইবার নিলেই হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ১৬ হাজারেরও বেশি হৃদরোগীর ক্ষেত্রে ওষুধটি পরীক্ষা করে সাফল্য পেয়েছে। এতে ৪০ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫৫ বছর বা তার বেশি বয়সী নারীসহ মোট ১৬ হাজার ১২৪ জন অংশ নেন।

ওষুধটির নাম ইনক্লিসিরান। এটি রক্তে জমা ক্ষতিকর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নির্মূল করে।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যালনিলাম ফার্মাসিউটিক্যালস ইনক্লিসিরান এর মূল প্রযুক্তি ও অণু উদ্ভাবন করে। আর সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারণ প্রতিষ্ঠান নোভার্টিস ‘লেকভিও’ ব্রান্ড নামে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিশ্বব্যাপী বাজারজাত করছে।

বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, যাদের বংশগতভাবে উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে বা যারা এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছেন, নতুন এই ইনজেকশনটি নিলে তারা সুরক্ষিত থাকবেন। এ ছাড়া যাদের আগে ব্রেইন স্ট্রোক হয়েছে অথবা ভবিষ্যতে স্ট্রোক হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে, তারাও এই চিকিৎসাপদ্ধতির আওতায় আসতে পারেন।

তবে ইচ্ছেমতো বা নিজে থেকে এই ইনজেকশন নেওয়ার কোনো সুযোগ নেই। রোগীর সার্বিক শারীরিক অবস্থা পর্যালোচনা করে কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই এটি গ্রহণ করতে হবে।