সিকদার পরিবারের ‘আট এয়ারক্রাফট’ জব্দের আদেশ
এসব ‘এয়ারক্রাফটের’ মধ্যে বেশির ভাগই হেলিকপ্টার, একাধিক উড়োজাহাজও আছে।
সিকদার গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের আটটি ‘এয়ারক্রাফট’ জব্দের আদেশ দিয়েছে আদালত।
এসব ‘এয়ারক্রাফটের’ মধ্যে বেশির ভাগই হেলিকপ্টার, একাধিক উড়োজাহাজও আছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এয়ারক্রাফটগুলো জব্দ চেয়ে আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়েছে, সিকদার পরিবারের সদস্যরা লুটের অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এর মধ্যে রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানায় আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামে ‘এয়ারক্রাফট ও হেলিকপ্টার সংক্রান্ত’ ব্যবসা আছে।
প্রতিষ্ঠানটি ‘এয়ারক্রাফট অপারেটর’ হিসেবে নিবন্ধিত এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্র করে তাদের চার্টার ফ্লাইটসহ উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম পরিচালনা করে থাকে বলে আবেদনে বলা হয়।
গোপন তথ্যের বরাতে দুদক বলেছে, সিকদার গ্রুপের অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব উড়োজাহাজ ও হেলিকপ্টার বিক্রির চেষ্টা করছেন।
আবেদনে যে আটটি ‘এয়ারক্রাফটের’ কথা বলা হয়েছে, তার মধ্যে ছয়টি হেলিকপ্টার ও দুটি উড়োজাহাজ।
হেলিকপ্টারগুলোর মধ্যে রয়েছে দুটি রবিনসন-৬৬, একটি বেল-২৩০, দুটি ইউরোকপ্টার ইসি-১৩০ বি৪ এবং একটি বেল-৪৩০ মডেলের।
অন্যদিকে, দুটি উড়োজাহাজের মধ্যে একটি হকার-৮০০এ বিজনেস জেট এবং একটি পিয়াজিও পি১৮০ আভান্তি-২ টার্বোপ্রপ।
