আশুলিয়ায় প্রিটি গ্রুপের কারখানায় আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।
সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রিটি গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে; যা আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কারখানা ভবনের শীর্ষ তলায় (টপ ফ্লোর) সুতার গুদামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী।
তিনি বলেন, ভবনের শীর্ষ তলায় যেখানে সুতা ও থ্রেড মজুত রাখা হয়, সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে কারখানার অভ্যন্তরীণ স্প্রিংকলার সিস্টেম সক্রিয় থাকায় এবং তাদের নিজস্ব ফায়ার ফাইটিং টিম তাৎক্ষণিকভাবে কাজ করায় আগুন দ্রুত নিভে যায়।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হয় বলে জানান প্রণব চৌধুরী।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে জানা যাবে। এ ছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগেও ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার একই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় নয়জন প্রাণ হারান।
