৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রিমিয়ার ব্যাংকের ‘মিলনমেলা’

ব্যাংকটির পাঁচ শাখায় চীনের চার শতাধিক প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হচ্ছে, বলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Nov 2026, 12:51 AM

Updated : 30 Nov 2026, 12:51 AM

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে যুক্ত চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে ব্যবসায়ীদের নিয়ে মিলনমেলা আয়োজন করেছে প্রিমিয়ার ব্যাংক।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা হোটেলে ‘ব্রিজ অব ট্রাস্ট উইথ চাইনিজ পার্টনারস’ শিরোনামে এ অনুষ্ঠান হয়। এতে চীনা ব্যবসায়ী, উদ্যোক্তা, ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীসহ প্রায় সাড়ে চারশ অতিথি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, বাংলাদেশে কোনো চীনা ব্যাংকের সরাসরি শাখা না থাকায় দীর্ঘদিন ধরে চীনা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সেবা দিয়ে আসছে প্রিমিয়ার ব্যাংক।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকটির পাঁচটি শাখায় চার শতাধিক চীনা প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হচ্ছে। ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত চীনা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৩২০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত ছয় বছরে ১২৮ কোটি ডলারের বিদেশি ব্যাংক গ্যারান্টি ইস্যু করা হয়েছে।

চীনা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধার কার্ড ও সহজে ব্যবহার করা যায় এমন বিশেষায়িত ব্যাংকিং সেবা চালুর পরিকল্পনার কথাও বলেন চেয়ারম্যান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ওসিএআইবির সভাপতি চ্যাং ইয়ো চং ফেলিক্স, সিইএবির টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস শাখার সভাপতি জি ঝেনইউ এবং নরিনকো ইন্টারন্যাশনালের সহকারী মহাব্যবস্থাপক জিয়া মেং জুয়ান।

চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের বাংলাদেশে অর্থ বিভাগের প্রধান মা লি হুয়া এবং ফাইভ কন্টিনেন্টস হোল্ডিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ইউয়ান ইউ (টনি) অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, স্বতন্ত্র পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি ও প্রলয় ব্যান্ডের পরিবেশনায় বাংলাদেশ ও চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিও আয়োজনে তুলে ধরা হয়।