২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রতিম হত্যা মামলায় অভিযোগ গঠন, ১৪ ডিসেম্বর প্রথম সাক্ষ্য

বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি অনুষ্ঠিত হয়নি।

অপ্রতিম হত্যা মামলায় অভিযোগ গঠন, ১৪ ডিসেম্বর প্রথম সাক্ষ্য

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 06:15 PM

Updated : 29 Nov 2026, 06:15 PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এ মামলার পরবর্তী শুনানি হবে ১৪ ডিসেম্বর, সেদিন প্রথম সাক্ষ্য উপস্থাপন করা হবে।

রোববার দুপুরে কুমিল্লা নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ আদালতের বিচারক মোঃ ইয়াসির আরাফাত এ দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন ট্রাইবুন্যালের সরকারি কৌসুলী মো. বদিউল আলম সুজন।

তিনি বলেন, “অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তারা এজলাসে উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চুয়ালি চার্জ গঠন করা হয়।”

এদিকে বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি অনুষ্ঠিত হয়নি বলেও জানান তিনি।

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। গত ১৮ সেপ্টেম্বর বিকালে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি সে।

পরদিন দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন, সিয়াম ও দুই কিশোরকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন ও দুই কিশোর সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

রোববার শুনানি শেষে মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, মামলার বিচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট।

তিনি প্রত্যাশা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য যে কথা দিয়েছিলেন তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ হবে- সেভাবেই বিচার কার্যক্রম চলবে।

পুরনো খবর:

অপ্রতিম হত্যা: ২ কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে ফোনে ‘হয়রানি’, থানায় জিডি
হাসতে হাসতে বাসা থেকে গেল আমার ছেলে, আর ফেরেনি: অপ্রতিমের বাবা
বাসার কাছেই চিরশায়িত অপ্রতিম
অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অপ্রতিম হত্যা: মায়ের সন্দেহের দুটি কারণ জানালেন সহকর্মী