০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কভার্ড ভ্যানে ফেনসিডিল: চট্টগ্রামে চালক ও সহকারীর যাবজ্জীবন

পাহাড়তলীর সিটি গেইট এলাকায় চৌদ্দ বছর আগে কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৫২ বোতল ফেনসিডিল পেয়েছিল পুলিশ।

কভার্ড ভ্যানে ফেনসিডিল: চট্টগ্রামে চালক ও সহকারীর যাবজ্জীবন

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 04:46 PM

Updated : 04 Nov 2026, 04:46 PM

চট্টগ্রামে ১৪ বছর আগে একটি কভার্ড ভ্যান থেকে ১৫২ বোতল ফেনসিডিল জব্দের মামলায় বাহনটির চালক ও তার সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি রায় ঘোষণা করেছেন।

ওই দুজন হলেন- চালক মো. রফিক ও সহকারী মো. জামাল। রফিক কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমানগড়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে। আর জামাল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণ হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

দণ্ড পাওয়া দুজনেই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১৪ নভেম্বর ভোরে চট্টগ্রামের পাহাড়তলীর সিটি গেইট এলাকায় চেকপোস্টে একটি কভার্ড ভ্যানকে থামার সংকেত দেয় পুলিশ। তখন চালকের আসনে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। তার পাশের আসনে বসা জামালকে আটক করে পুলিশ।

সেসময় কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৫২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এরপর পাহাড়তলী থানার এসআই মো. আবু ছালেক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ মামলায় ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচারে সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় এল।