১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

২০১৭ সালে র‌্যাবের অভিযানে ১১২ গ্রাম হেরোইন, ২০০ ইয়াবা, মাদক বিক্রির ৬ লাখ ৪৫ হাজার ২২০ টাকা ও আটটি মোবাইল উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত কায়েস ওরফে বুলু সেখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 01:47 PM

Updated : 16 Oct 2026, 01:47 PM

সিরাজগঞ্জে মাদক মামলায় এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহান শাহ্।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখের ছেলে কায়েস ওরফে বুলু সেখ এবং একই মহল্লার মৃত লিটন সেখের স্ত্রী মমতা খাতুন। মমতা খাতুন সম্পর্কে বুলু সেখের চাচি শাশুড়ি।

মামলার বরাত দিয়ে শামসুজ্জোহা শাহান শাহ্ বলেন, ২০১৭ সালের ১৭ জুন ওই মহল্লার ‘মাদক সম্রাট’ নামে খ্যাত বুলুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে ১১২ গ্রাম হেরোইন, ২০০ ইয়াবা, মাদক বিক্রির ৬ লাখ ৪৫ হাজার ২২০ টাকা ও আটটি মোবাইল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেন।

দীর্ঘ সময় ধরে চলা বিচার কাজে সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুলু সেখ ও মমতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে বিচারকাজ চলাকালে মামলাটির আরেক আসামি একই মহল্লার শাহিন সেখ মারা যাওয়ায় বিচারক তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বলেও জানান আইনজীবী শামসুজ্জোহা।