‘হঠাৎ ব্রেক’, কভার্ড ভ্যানের পেছনে ধাক্কায় ট্রাকের চালক-সহকারীর মৃত্যু
সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকটির চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যানটি ‘হঠাৎ ব্রেক কষলে’ এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ট্রাকচালক সালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও তার সহকারী মো. সোহরাব (৩৫)। তাদের বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায়।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির সার্জেন্ট জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি কভার্ড ভ্যান সংকেত ছাড়া হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। ট্রাকচালক ও সহকারী কেবিনের ভেতর আটকা পড়েন।”
পরে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে সার্জেন্ট জিয়া উদ্দিন জানিয়েছেন।
