রাজবাড়ীতে প্রবাসী হত্যা: ১ জনের যাবজ্জীবন, খালাস ৩
পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ২০১৬ সালে এ হত্যাকাণ্ড ঘটে।
রাজবাড়ীর পাংশায় প্রবাসফেরত আব্দুর রহিম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রাজ্জাক জানান।
দণ্ডিত সাদ্দাম মিয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শহিদ মিয়ার ছেলে।
সাজার পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালে ছোট ভাইকে চাকরি দেওয়ার কথা বলে প্রবাসফেরত আব্দুর রহিমের কাছ থেকে ১০ হাজার টাকা নেন সাদ্দাম।
টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ৫ নভেম্বর পাংশা কলেজপাড়া এলাকায় আব্দুর রহিমকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে ৮ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।
পিপি আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘ শুনানি শেষে বিচারক এ হত্যা মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
