২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 08:12 PM

Updated : 23 Nov 2026, 08:16 PM

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডে সন্ত্রাসী হামলায় আহত দুই কাতারপ্রবাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছেন।

আহতদের মধ্যে সানাউল্লাহ গনি ওরফে বাবুর (২৫) বুকে গুলি করা হয়েছে। তার হাত-পায়েও কোপানো হয়েছে। আর শরিফ (২৮) নামে আরেকজনকে ডান পায়ে কুপিয়েছেন।

সানাউল্লাহ ছুটিতে দুই মাস আগে দেশে আসেন। তিনি বরিশালের গৌরনদীর পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে। আর শরিফ কুমিল্লার চান্দিনার কুটুমপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। দুজনেই বাগিচারটেক এলাকায় বসবাস করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, দুজনকে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে বলা হয়েছে।

সানাউল্লাহর খালাতো ভাই মনির বলেন, “দুপুরে একটি গ্যারেজে ছিলেন সানাউল্লাহ ও শরিফ। এ সময় স্থানীয় ‘টোকাই সুজন’ গ্রুপের সদস্য হাসনাইন, হাসিব, নূরুসহ কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গুলি করে ও কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

মনির বলেন, “ঘটনার পরপরই গ্যারেজের এক রিকশাচালক সানাউল্লাহকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।”

ঘটনার বিষয়ে হাতিরঝিল থানা পুলিশের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।