মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে জখম করে ব্যাগ ছিনতাই
ছিনিয়ে নেওয়া ব্যাগে কোনো স্বর্ণ ছিল না বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার এসআই শেখ ফারুক জানিয়েছেন।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক রাসেল মিয়া জানান, মনোরঞ্জন কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে যাত্রাপুর গ্রামের নুর আলম চাচাদের বাড়ির সামনে পৌঁছালে কে বা কারা তাকে আঘাত করে তার ব্যাগ ছিনিয়ে নেয়।
তিনি বলেন, “রাস্তার মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ ও পাশে একটি কাঠের লাকড়ি পড়ে থাকতে দেখা গেছে। তাকে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে নাকি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তা প্রাথমিকভাবে বোঝা যায়নি।”
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানিয়েছেন, মনোরঞ্জন কর্মকারের মাথায় জখমের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তরক্ষণ হয়েছে এবং ক্ষতস্থানে অনেকগুলো সেলাই দিতে হয়েছে।
তিনি বলেন, তার শারীরিক অবস্থা বিবেচনা করে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এসআই শেখ ফারুক বলেন, “মনোরঞ্জন কর্মকারের কাছ থেকে যে ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়েছে, তাাতে কোনো স্বর্ণ ছিল না। ঘটনাস্থল থেকে একটি নারিকেল গাছের বাইগরা (শুকনো ডাল) উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান জানান।
