০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে তিন বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

মামলার বরাতে পিপি বলেন, শিশুটিকে হত্যার পর ঘটনা ভিন্ন খাতে নিতে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেন সাবরিন নাহার সিনথি।

টাঙ্গাইলে তিন বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

সাবরিন নাহার সিনথি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 05:53 PM

Updated : 04 Nov 2026, 05:53 PM

টাঙ্গাইলে তিন বছর বয়সি শিশুকে হত্যার মামলায় তার সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান।

দণ্ডিত সাবরিন নাহার সিনথি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে। রায় ঘোষণার পর তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

নিহত সাইফ টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার সালাউদ্দিন ইমনের প্রথম স্ত্রীর সন্তান।

মামলার বরাত দিয়ে পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, ২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় সাইফ টেলিভিশন দেখছিল। তখন টেলিভিশনের উচ্চ আওয়াজের কারণে তার সৎ মা সাবরিন নাহার সিনথি ক্ষিপ্ত হয়ে উঠেন।

তিনি সাইফ পাশের রুমে ডেকে নিয়ে ওড়না দিয়ে হাত ও নাক-মুখ বেঁধে ফেলেন। এতে তিন বছর বয়সি শিশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এরপর তিনি হাত-পা বাঁধা শিশুটিকে বাথরুমে নিয়ে পানিভর্তি বালতিতে মাথা ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

এরপর ঘটনা ভিন্ন খাতে নিতে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেন সাবরিন নাহার সিনথি। সেজন্য ঘরের আসবাবপত্র এলোমেলো করে স্বামীর কাছে ফোনে ডাকাতির মিথ্যা তথ্য জানান।

পিপি বলেন, ঘটনার পর নিহতের দাদা মোহাম্মদ সরোয়ার হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ হলে সাবরিন নাহারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি সাইফকে হত্যার কথা স্বীকার করেন। পরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

এ ঘটনায় টাঙ্গাইল সদর থানার এসআই প্রতীমা রানী তরফদার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচার কাজ চলাকালে আদালতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে বুধবার রায়ে সাবরিন নাহার সিনথি যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

একইসঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে বলেও জানান আইনজীবী রিপন।