২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর

এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সঙ্গে বাগদাদের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর

ইরাকের কিরকুকে তেল ক্ষেত্রগুলোর ফ্লেয়ার স্ট্যাক (গ্যাস পোড়ানোর স্তম্ভ) থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 09:56 AM

Updated : 25 Nov 2026, 09:56 AM

কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা চারটি প্রদেশের তেলক্ষেত্রগুলো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে আনার নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি।

ভারী অস্ত্রে সজ্জিত ইরানপন্থী একটি মিলিশিয়া গোষ্ঠীকে দমনের চেষ্টার পর নেওয়া এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সঙ্গে বাগদাদের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ কুর্দিরা কেন্দ্রের এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষিত প্রধানমন্ত্রী জায়েদির এই আদেশের আওতায় দিয়ালা, কিরকুক, সালাহউদ্দিন এবং নিনেভেহ প্রদেশের তেলক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে। উত্তরাঞ্চলীয় তেল ও গ্যাস ক্ষেত্রগুলো পরিচালনাকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ অয়েল কোম্পানিতে চোরাচালানের তদন্তের পর এই আদেশ দেওয়া হয়েছে; জানিয়েছে রয়টার্স।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, জায়েদির এই নির্দেশনার মূল ভিত্তি হলো—"জাতীয় সার্বভৌমত্ব অবিভাজ্য এবং ইরাকের সম্পদ রক্ষা করা এক অস্তিত্বের লড়াই, যেখানে রাষ্ট্র সব ধরনের চোরাচালানের অবসান ঘটাবে।"

কয়েক দশক ধরে নিজেদের বিষয়গুলো সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনার কুর্দি প্রচেষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে জায়েদি তুরস্ক, ইরান ও সিরিয়া সীমান্তবর্তী কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিং অধিগ্রহণের জন্য সীমান্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি কুর্দিস্তান আঞ্চলিক সরকারেরকে (কেআরজি) কেবল কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়ের মাধ্যমেই অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানির অনুমোদন দেওয়ার নির্দেশও দিয়েছেন।

এদিকে, জায়েদি সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের প্রধানকে অপসারণ করেছেন এবং অধিকতর তদন্তের স্বার্থে নর্থ অয়েল কোম্পানির মহাপরিচালক ও তার উপ-পরিচালকদের সাময়িক বরখাস্ত করেছেন।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি রযটার্সকে জানিয়েছেন, কুর্দি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা প্রধান তেলক্ষেত্র খোরমালাও এই আদেশের আওতায় পড়েছে বলে মনে হচ্ছে। বাগদাদের সঙ্গে অতীতের উত্তেজনার কথা উল্লেখ করে তাদের একজন বলেন, কেন্দ্রীয় তেল মন্ত্রণালয় খোরমালা ক্ষেত্রটির ব্যবস্থাপনা অধিগ্রহণের কোনো পদক্ষেপ নিলে কুর্দি কর্তৃপক্ষ সম্ভবত তা প্রতিরোধ করবে।

কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি তেল ও সীমান্ত ক্রসিংগুলোর ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বাগদাদ সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন, এটি বিভ্রান্তিকর এবং ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।

বারজানি বলেন, "বিভিন্ন ধরনের পরস্পরবিরোধী বার্তা দেওয়া হয়েছে। আমরা যেসব প্রতিনিধিদলের সাথে দেখা করেছি, তারা আমাদের ভিন্ন বার্তা দিয়েছিলেন, যেখানে সংবিধানের ভিত্তিতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ইঙ্গিত ছিল।"

রয়টার্সের সঙ্গে কথা বলা সাধারণ কুর্দিদের কেউ কেউ জায়েদির এই অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অবসরপ্রাপ্ত কুর্দি যোদ্ধা সালিহ সিন্দি বলেন, "এর মধ্যে ইতিবাচক কিছুই নেই। তেলের কূপগুলো দখল করতে এবং সীমান্ত ক্রসিং ও বিমানবন্দরগুলোর নিয়ন্ত্রণ নিতে কুর্দিস্তানে সেনাবাহিনী পাঠানোর অজুহাত তৈরি করছে ইরাক।"

মঙ্গলবার ঘোষিত এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন প্রধানমন্ত্রী জায়েদি ইরাকে তেহরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি মিলিশিয়া গোষ্ঠী 'কাতাইব হিজবুল্লাহ' এবং শীর্ষ তেল উৎপাদনকারী এই দেশটি থেকে চুরি করা তেল পাচারের মাধ্যমে শত শত কোটি ডলার হাতিয়ে নেওয়া একটি দীর্ঘস্থায়ী চক্রের সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন।

এই পদক্ষেপ তেল, অর্থ, ভূখণ্ড এবং বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বাগদাদ এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) মধ্যকার দীর্ঘদিনের বিরোধকে ফের উসকে দিয়েছে।

চোরাচালানবিরোধী এই অভিযান এবং তেলক্ষেত্রগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টার ফলে ধনকুবের ব্যবসায়ী প্রধানমন্ত্রী জায়েদি (৪১) এমন দুটি অত্যন্ত শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘাতের পথে নেমেছেন, যারা দশকের পর দশক ধরে বাগদাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে অমান্য করে আসছে। এই দুটি গোষ্ঠী হল ইরান-সমর্থিত মিলিশিয়ারা এবং কুর্দি নেতারা।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে সাদ্দাম হোসেনের পতনের পর জাতিগত ও সাম্প্রদায়িক গৃহযুদ্ধের অস্থির দশকগুলোতে যেসব সংগঠন বিপুল ক্ষমতাবান হয়ে উঠেছিল, সরকারের এই দুটি পদক্ষেপ তাদের গুরুত্বপূর্ণ স্বার্থেও আঘাত হেনেছে।

জায়েদির পূর্বসূরিদের একজন যখন ইরানপন্থি মিলিশিয়াদের দমনের চেষ্টা করেছিলেন, তখন তার বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছিল, যাকে কর্মকর্তারা হত্যাচেষ্টা বলে অভিহিত করেছিলেন।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের উপ-পরিচালক এবং ইরাক ইনিশিয়েটিভের পরিচালক রেনাদ মনসুর বলেন, "এটি ইরাকি সরকারের একটি সমন্বিত প্রচেষ্টা, যার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে, ‘অঞ্চলটি বদলে যাচ্ছে। অনেক কিছু ঘটে যাচ্ছে। আমরা অন্যত্র দেখা সম্ভাব্য ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের নিজেদের ঘর গোছানো প্রয়োজন’ আর আমি মনে করি, এটিই বাগদাদ সরকারকে এমন পদক্ষেপ নিতে চালিত করছে।"

ইরাকে দায়মুক্তি নিয়ে কাজ করা ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারী ডজনখানেক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর অন্যতম কাতাইব হিজবুল্লাহ এই চোরাচালান নেটওয়ার্ক সংক্রান্ত সরকারি উচ্চপর্যায়ের তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছে।

বারবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে বিপর্যস্ত ইরান তার প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র ইরাককে অর্থনৈতিক ‘শ্বাসপ্রশ্বাসের’ মাধ্যম হিসেবে দেখে থাকে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সরকারি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, কৌশলগত শহর কিরকুক এবং কুর্দি-নিয়ন্ত্রিত সুলাইমানিয়াহ শহর থেকে ইরানে এবং সেখান থেকে আফগানিস্তানে তেল পাচার করা হতো। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ অয়েল কোম্পানির উৎপাদিত তেলের একটি অংশ অবৈধ চোরাচালান কর্মকাণ্ডে সরিয়ে নেওয়া হতো।

এ বিষয়ে ইরান বা আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে ও স্বাধীনভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

বাগদাদভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হামজা মুস্তাফা বলেন, "তেল ও গ্যাস আইনের অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দেখিয়ে কুর্দিস্তান অঞ্চল তেলের কূপগুলো হস্তান্তর করতে অস্বীকার করতে পারে। এটি সিদ্ধান্তগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে একটি রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের জন্ম দেবে।"

তিনি আরও যোগ করেন, "এই সিদ্ধান্তগুলো নেওয়ার মাধ্যমে তিনি (জায়েদি) রাজনৈতিক সমঝোতা ও স্বজনপ্রীতি থেকে সরে এসেছেন। পরবর্তী মেয়াদের জন্য ওইসব রাজনৈতিক শক্তির সমর্থন আদায়ের বিষয়ে তিনি মোটেও চিন্তিত নন।"

বাগদাদ ও কুর্দিদের সম্পর্ক বছরের পর বছর ধরেই তিক্ত

ইরাকের কেন্দ্রীয় সরকার বছরের পর বছর ধরে কুর্দি নেতাদের প্রভাব খর্ব করে আসছে। বিশ্লেষকদের মতে, গত সেপ্টেম্বরে কুর্দিদের প্রধান মিত্র অবশিষ্ট মার্কিন সেনাদের ইরাক ত্যাগের ফলে জায়েদির পদক্ষেপের বিরুদ্ধে তাদের রাজনৈতিক দরকষাকষির ক্ষমতা কমে গেছে।

জাতীয় সরকার এবং কুর্দি কর্তৃপক্ষের মধ্যে সম্পর্ক দীর্ঘ বছর ধরেই উত্তেজনাপূর্ণ। ২০১৭ সালে ইরাকের কুর্দিরা স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করেছিল, যা বাগদাদ এবং আঞ্চলিক শক্তিগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়ে। ওই ভোটের জেরে বাগদাদ সামরিক ও অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং কিরকুকসহ অন্যান্য এলাকা পুনর্দখল করে নেয়।

এর আগে বাগদাদের অনুমোদন ছাড়া কুর্দি কর্তৃপক্ষের তেল বিক্রির বিরোধের জেরে তুরস্কে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ দুই বছরেরও বেশি সময় বন্ধ ছিল। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরে উভয় পক্ষ তা পুনরায় চালু করতে সম্মত হয়।

রাজনীতিতে নবাগত জায়েদি ইরাকে বড় আকারের বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এর জন্য প্রথমে সাদ্দামের পতনের পর থেকে অনুপস্থিত থাকা রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।

এই অস্থিরতা এবং মিলিশিয়া ও তাদের সমর্থনকারী প্রভাবশালী শিয়া রাজনীতিবিদদের সাথে দৃঢ় সম্পর্কের সুযোগ নিয়ে ইরান ধীরে ধীরে ইরাকে ব্যাপক প্রভাব বিস্তার করেছে, যদিও ইরাক ওয়াশিংটনের সহায়তার ওপরও ব্যাপকভাবে নির্ভরশীল।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নুরি ঘানি বলেন, "এগুলো ভালো সিদ্ধান্ত, তবে দুর্ভাগ্যবশত অনেক দেরিতে এসেছে। ২০০৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত কোনো নজরদারি ছাড়াই দক্ষিণ, উত্তর ও মধ্যাঞ্চলে তেল চোরাচালান চলছে। কিন্তু সরকারি কর্মকর্তারাই তেল পাচার করছেন, যা অত্যন্ত বিস্ময়কর।"