ফিলিপিন্সে সাক্ষাৎ, মোদীকে ‘শক্ত ধাতের মানুষ’ বললেন ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী মোদী, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ হাজির ছিলেন ম্যানিলার মঙ্গলবারের কোয়াড বৈঠকে।
ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নেতাদেরকে ‘অসাধারণ মানুষ’ এবং ঘনিষ্ঠ বন্ধু বলে প্রশংসা করেছেন। সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে তাদের দৃঢ়তার জন্য আলাদা করে ‘শক্ত ধাতের মানুষ’ বলে উল্লেখ করেন।
মঙ্গলবার পাশে দাঁড়িয়ে থাকা মোদীকে দেখিয়ে ট্রাম্প বলেন, “তিনি খুবই শক্ত ধাতের একজন মানুষ।” এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “আর তিনি হয়ত আরও বেশি শক্ত ধাতের।”
কোয়াড জোটের অংশীদার মোদী, তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “শুরু থেকেই এই মানুষগুলো এবং তাদের দেশের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমি দীর্ঘদিন ধরে তাদের তিনজনের সঙ্গেই আছি এবং তারা অসাধারণ মানুষ। তারা আমার বন্ধু।”
পরে সম্মেলনের এক বৈঠকেও মোদীকে নিজের বন্ধু ও ‘মহান নেতা’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘সারা বিশ্বের সবাই তাকে অত্যন্ত সম্মান করে’।
অবশ্য মোদীকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন প্রশংসা নতুন নয়। চলতি বছরের জুনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি মোদীকে ‘মহান নেতা’, ‘অত্যন্ত শক্ত ধাতের মানুষ’ এবং সবচেয়ে সমীহ করেন এমন বিশ্বনেতাদের একজন বলেছিলেন।
ওই সাক্ষাৎকারে ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা আনার উদাহরণ হিসেবে মোদীকে তুলে ধরে ট্রাম্প বলেছিলেন, “সারা জীবন আমি ভারতকে দেখেছি, সেখানে কেবল পরিবর্তন আর পরিবর্তন হতো। কেউ ছয় মাস, আবার কেউ এক বছর ক্ষমতায় থাকতেন। এরপর হঠাৎ করেই প্রধানমন্ত্রী মোদী এলেন। তিনি ১২ বছরের বেশি সময় ধরে সেখানে আছেন, খুবই শক্ত অবস্থানে।”
ফিলিপিন্স এ বছর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ২০২৪ সালের পর এই প্রথম সশরীরে কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে সবশেষ সরাসরি কোয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে এই জোট গঠিত।
৪৯তম আসিয়ান সম্মেলনের ফাঁকে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চারটি দেশ আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে।
ট্রাম্প চারটি দেশের মধ্যে যৌথ সরবরাহ ব্যবস্থার গতির ওপর জোর দিয়েছেন। প্রধান বৈশ্বিক সরবরাহকারীদের উল্লেখ করে ট্রাম্প বলেন, "আমরা খুব ভাল করছি। আমরা এমন মাত্রায় বিরল খনিজ তৈরি করছি যা আগে কখনও করিনি।”
ওদিকে, কোয়াড নেতাদের বৈঠকে দেওয়া বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার দেশের কাছে কোয়াড একটি ‘গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারত্ব’।
চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইতিমধ্যে পাঁচবার বৈঠক করেছেন উল্লেখ করে মোদী একে তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং অংশীদারত্বের প্রতি অভিন্ন অঙ্গীকারের প্রমাণ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “সমুদ্র নিরাপত্তা থেকে শুরু করে নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা, নতুন প্রযুক্তি থেকে দুর্যোগ মোকাবেলা, সব ক্ষেত্রেই কোয়াড যেন বিশ্বস্ত সমাধান দিতে পারে, সেটিই আমাদের প্রচেষ্টা।”
ম্যানিলার সঙ্গে কোয়াড দেশগুলোর ‘দীর্ঘদিনের বন্ধনের’ কথাও স্মরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। ২০০৭ সালে ম্যানিলাতেই প্রথমবারের মতো চার দেশের কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন।
মোদী বলেন, “দশ বছর পর ২০১৭ সালে এই শহরেই আমরা আমাদের সংলাপ আবার শুরু করেছিলাম। আজ ঐতিহাসিক এই শহরে আরেকটি কোয়াড বৈঠক অনুষ্ঠিত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
সূত্র: এনডিটিভি
