০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

স্বর্গে যেতে চান ট্রাম্প: তাই বলে শত্রুদের ক্ষমা! ‘কখনোই না’

স্বর্গে যাওয়ার শর্ত হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষ জেমস কোমি ও ন্যান্সি পেলোসিসহ যাদের তিনি ঘৃণা করেন, তাদের ক্ষমা করতে বলা হলে ট্রাম্পের জবাব, “না।”

স্বর্গে যেতে চান ট্রাম্প: তাই বলে শত্রুদের ক্ষমা! ‘কখনোই না’

সিবিএস নিউজের ভিডিও থেকে নেওয়া ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 04:53 PM

Updated : 09 Nov 2026, 04:53 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন। তবে স্বর্গে যাওয়ার জন্য যদি তার রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি ভালোবাসা ও ক্ষমাশীল মনোভাব দেখাতে হয়, তাহলে তিনি তা পারবেন না।

রোববার রাতে সম্প্রচারিত সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথ্যাট নেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প।

মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি একজন ধর্মবিশ্বাসী মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমি স্বর্গে যাব।”

এরপর ডাউথ্যাট তাকে প্রশ্ন করেন, “ধরা যাক, আপনার মৃত্যু হয়েছে এবং আপনি পরকালে প্রবেশ করছেন। স্বর্গে যাওয়ার জন্য আপনার শুধু একটি কাজ করতে হবে—জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা বছরের পর বছর যাদের প্রতি আপনি ঘৃণা প্রকাশ করেছেন, তাদের ভালোবাসতে হবে এবং ক্ষমা করতে হবে। আপনি কি তা পারবেন?”

জবাবে ট্রাম্প বলেন, “তাহলে তো আমি আর প্রকৃত আমি থাকব না, তাই নয় কি?”

এ সময় তিনি ওই ব্যক্তিদের ‘চরম অসৎ’, ‘খুব খারাপ মানুষ’ এবং ‘আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর’ বলে মন্তব্য করেন।

ডাউথ্যাট আবার জানতে চান, তাহলে উত্তর ‘না’?

ট্রাম্প বলেন, “উত্তর ‘না’। আমি সত্যি কথা বলতে চাই, না।”

এরপর ডাউথ্যাট বলেন, “প্রেসিডেন্ট, আমার জীবদ্দশায় কোনো আমেরিকানের জীবন আপনার মত এতটা সৌভাগ্যপূর্ণ ও অসাধারণ ছিল না। এত কিছু পাওয়ার পরও আপনি বলছেন, ঈশ্বরের বিচারাসনে দাঁড়িয়ে নিজের কয়েকজন শত্রুকে ক্ষমা করার মত মন আপনার হবে না?”

পাল্টা প্রশ্ন করে ট্রাম্প বলেন, “আমি কি সত্যি কথা বলতে পারি?”

এরপর তিনি বলেন, “সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই করব।”

সিবিএস সিউজ লিখেছে, গত এক দশকে ট্রাম্পের বিরাগভাজন মানুষের সংখ্যা কম নয়। তার দ্বিতীয় মেয়াদে তাদের অনেকেই আইনি তদন্ত ও বিচারের মুখে পড়েছেন।

তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তারা হলেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

ট্রাম্পের প্রথম মেয়াদে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এফবিআইয়ের তদন্তের দায়িত্বে ছিলেন কোমি। গত এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে দুবার অভিযোগ গঠন করে। প্রথমবার ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং দ্বিতীয়বার চলতি বছরের এপ্রিলে।

প্রথম মামলাটি আদালত খারিজ করে দেয়। আর ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে করা দ্বিতীয় মামলাটি এখনও তদন্তাধীন।

গত মাসে গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে কোমির বিরুদ্ধে নতুন করে মামলা করার উদ্যোগ নেয় বিচার বিভাগ। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে তৃতীয়বারের মত অভিযোগ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, লেটিশিয়া জেমসের কার্যালয় ২০২২ সালে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলা করে এবং তাতে সফল হয়।

পরে জেমসের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি ও একটি আর্থিক প্রতিষ্ঠানকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়। তবে একজন বিচারক দুটি অভিযোগই খারিজ করে দেন।

ট্রাম্পের প্রথম সরকারে কাজ করা জন বোল্টন ইরান বিষয়ে কঠোর মনোভাবের জন্য পরিচিত। ট্রাম্পের বিরাগভাজনদের মধ্যে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি হওয়া একমাত্র ব্যক্তি তিনি।

গোপনীয় তথ্য নিজের কাছে রাখার অভিযোগে গত জুনে তিনি দোষ স্বীকার করেন। আগামী মাসে তার সাজা ঘোষণার কথা রয়েছে।