২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমতি সেতুর এক প্রান্তে বিএনপি আরেকদিকে আওয়ামী লীগ, গুলি-কাঁদুনে গ্যাস ছুড়ল পুলিশ

এ ঘটনায় খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:41 AM

Updated : 29 Nov 2026, 12:41 AM

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৭টার দিকে উপজেলার মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগিয়ে আসেন। এ সময় মধুমতি নদীর এপারে দেশীয় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

এদিকে, সংঘর্ষের পর আতঙ্কে মধুমতি সেতুর আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ঘটনার পর থেকে মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, এসআরবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় অবস্থান করছেন।

এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, “সন্ধ্যায় গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোল্লাহাটের মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় এলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।