১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি, ইয়াবা ব্যবসায়ীদের দ্বন্দ্ব, বলেছে পুলিশ

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 11:54 PM

Updated : 11 Nov 2026, 11:54 PM

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করেন এক যুবক। তার পাশে আরও দুইজনকে দেশি অস্ত্র হাতে দেখা গেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

গোলাগুলির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ গুলির শব্দে দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বুধবার বেলা ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

স্থানীয়দের দাবি, ইয়াবা ব্যবসা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন মুন্না নামের এক ব্যক্তি। তিনি এলাকায় মাদক কারবারে জড়িত হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের ভাষ্য, গুলিবর্ষণের সময় মুন্নার সঙ্গে আরাফাত নামে আরেকজন ছিলেন। তাদের দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে বলে দাবি করেছেন তারা।

ওসি আতিকুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবা ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান। এলাকাটি সীমান্তসংলগ্ন হওয়ায় তারা নোম্যান্স ল্যান্ড বা এর আশপাশে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশ, বিজিবি ও এসআরবির সমন্বয়ে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে ওসি বলেন, তাদের কারও কারও ছোটখাটো রাজনৈতিক পদ রয়েছে। তবে এটিকে রাজনৈতিক বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই।

তার ভাষ্য, আওয়ামী লীগ ও বিএনপি, দুই দলের লোকজনই সেখানে একসঙ্গে ইয়াবা ব্যবসা করতেন। ব্যবসার দেনা-পাওনা, লেনদেন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বিরোধের সৃষ্টি হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি ইয়াবা-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে তিনি শুনেছেন। তার দাবি, জয়নাল ও ফয়েজ, এই দুই পক্ষের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ৫ অগাস্টের পর জনপ্রতিনিধিদের গুরুত্ব কমে গেছে। যাদের অর্থসম্পদ ও প্রভাব রয়েছে, তাদের গুরুত্ব বেশি।

তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জানিয়ে গফুর উদ্দিন বলেন, “আমাদের তো দোসর বানানো হচ্ছে। এলাকার মেম্বারও এখন এমপির মতো ক্ষমতাবান হয়ে গেছে। তাদের পক্ষে থাকলে সব ঠিক।”

এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, তিনি ঢাকায় থাকায় ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাগুলির খবর দেখেছেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

গুলির ঘটনায় জড়িত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন বলেও জানিয়েছেন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অনেকেই। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদিন।

তার দাবি, গোলাগুলির ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ ঘটনায় তার নাম জড়ানো হচ্ছে।

গোলাগুলির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে। ভিডিওতে জিসান ও শমসু নামে দুজনকে কিরিচ হাতে দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওসিকে তাদের পরিচয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা ভিডিওতে যাদের দেখেছেন তারাই। নামও সেগুলোই।