২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে বাসা থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

বাবা বললেন, “ওর মনে এত অভিমান জমে ছিল, আমি বুঝতেই পারিনি!”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:13 AM

Updated : 25 Nov 2026, 11:13 AM

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ানের একটি বাসা থেকে তন্ময় রায় নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে নূরের বাগ এলাকার নিজ বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২২ বছর বয়সি তন্ময়ের পরিবারের দাবি, পছন্দের আইফোন ১৭ কিনে দিতে দেরি হওয়ায় বাবার সঙ্গে অভিমান করে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

তন্ময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের কৃষ্ণচন্দ্র রায়ের ছেলে। পরিবারের একমাত্র সন্তান তন্ময় বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি বেকার ছিলেন।

ঢাকা মেডিকেলে ছেলের মরদেহের পাশে দাঁড়িয়ে কৃষ্ণচন্দ্র রায় বলেন, তার হার্টে দুটি রিং পরানো। নিজেও অসুস্থ। ছেলের আইফোন ১৭ কেনার শখ থাকলেও আর্থিক সংকটের কারণে তা কিনে দিতে পারছিলেন না।

তিনি বলেন, “ছেলেটার খুব শখ ছিল একটা আইফোন ১৭ নেবে। কদিন ধরেই আমাকে কিনে দেওয়ার কথা বলছিল। কিন্তু আমার হাতে এখন টাকা নেই।

“ওকে বুঝিয়ে বলেছিলাম, ‘হাতে একটা ফোন তো আছেই, আর কটা দিন ধৈর্য ধর, টাকা জোগাড় হলেই কিনে দেব। কিন্তু ও কোনোভাবেই মানতে চাইল না’।”

মঙ্গলবার রাতেও ফোন কেনা নিয়ে বাবা-ছেলের কথা হয় জানিয়ে কৃষ্ণচন্দ্র বলেন, একপর্যায়ে ‘অভিমান করে’ তন্ময় নিজের ঘরে চলে যান।

তিনি বলেন, “এরপর আর কোনো সাড়াশব্দ না পেয়ে রাত সোয়া ১২টার দিকে দরজা খুলে দেখি, সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলছে আমার একমাত্র সন্তান। নিচে একটা প্লাস্টিকের চেয়ার পড়ে ছিল।

“একটা সামান্য ফোনের জন্য ছেলেটা এমন কাজ করে বসবে, ওর মনে এত অভিমান জমে ছিল, আমি বুঝতেই পারিনি! আমার একমাত্র অবলম্বনকে আমি চিরতরে হারিয়ে ফেললাম।”

পরিবার ও স্বজনরা জানান, তন্ময়কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।