০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সিলেটে বাসা থেকে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

“ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি পাঁচ থেকে সাত বছর আগে দা দিয়ে নিজের গলা কেটেছিলেন।”

সিলেটে বাসা থেকে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিহত মো. নুরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 07:43 PM

Updated : 06 Nov 2026, 07:43 PM

সিলেট নগরের একটি বাসা থেকে আমেরিকা প্রবাসী এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।

নিহত মো. নুরুল ইসলাম (৬৫) ওই এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার প্রয়াত আব্দুল গফুরের ছেলে।

ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি পাঁচ থেকে সাত বছর আগে দা দিয়ে নিজের গলা কেটেছিলেন। তখন তার শ্বাসনালি কেটে যায়, এজন্য তিনি আস্তে আস্তে কথা বলতেন।”

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের সন্তানরা বিদেশে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় নুরুলের লাশ পড়ে ছিল। মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ও তার স্ত্রী বসবাস করতেন।

সকালে বাসার দ্বিতীয় তলায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন বলে জানিয়েছেন ওসি মো. আশরাফুজ্জামান।