ক্রিট দ্বীপের অদূরে নৌকা থেকে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার
নৌকাটি থেকে আরও ১৮ জীবিত অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করছে গ্রিসের কোস্টগার্ড।
ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের অদূরে ভাসতে থাকা একটি নৌকা থেকে ১২ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড।
এই অভিবাসন প্রত্যাশীদের কীভাবে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি; জানিয়েছে রয়টার্স।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ক্রিটের কালোই লিমেনেস বন্দর থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে নৌকাটি থেকে আরও ১৮ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেন। এর পাশাপাশি অন্য দুটি ঘটনায় ক্রিট দ্বীপের উপকূল থেকে আরও কয়েক ডজন মানুষকে উদ্ধার করেন।
বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে আসা অভিবাসী ও শরণার্থীদের কাছে ইউরোপে প্রবেশের একটি পছন্দের রুট ছিল গ্রিস। ২০১৫-২০১৬ সালে ইউরোপের অভিবাসন সংকটের সামনের সারিতে ছিল দেশটি। সে সময় প্রধানত তুরস্ক হয়ে প্রায় ১০ লাখ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী গ্রিসের উপকূলীয় দ্বীপগুলোতে এসে নেমেছিল।
এরপর গ্রিস সাগর ও স্থল সীমান্তে টহল জোরদার করে কড়াকড়ি আরোপ করলে অভিবাসীদের আসার সংখ্যা হ্রাস পায়। কিন্তু সম্প্রতি উত্তরপূর্ব লিবিয়া থেকে সাগরপথে ক্রিট দ্বীপ হয়ে ইউরোপের প্রবেশের চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
