২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

লোহিত সাগরে নৌকা থেকে ১৪ ভারতীয়কে উদ্ধার দাবি হুতিদের

নৌকাটি জাবাল জুকার দ্বীপের অদূরে হামলার শিকার হয়েছিল আর এর জন্য সৌদি আরবকে দায়ী করেছে ইয়েমেনের হুতিরা।

লোহিত সাগরে নৌকা থেকে ১৪ ভারতীয়কে উদ্ধার দাবি হুতিদের

ইয়েমেনের উপকূলে লোহিত সাগরের বাব এল মান্দাব প্রণালির কাছে জাবাল জুকার দ্বীপ। ছবি: এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 04:50 PM

Updated : 23 Oct 2026, 04:50 PM

ইয়েমেনের হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরের বাব এল মান্দাব প্রণালির কাছ থেকে ১৪ জন ভারতীয়কে বহনকারী একটি নৌকা উদ্ধার করেছে।

নৌকাটি জাবাল জুকার দ্বীপের অদূরে হামলার শিকার হয়েছিল বলে বৃহস্পতিবার জানিয়েছে তারা। এই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে ইরান সমর্থিত হুতিরা; খবর রয়টার্সের।

ইয়েমেনের ভারতীয় দূতাবাস শুক্রবার জানিয়েছে, ওই নৌকায় থাকা ১৪ ভারতীয়ের সবাই নিরাপদ আছেন বলে জানা গেছে।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে এক পোস্টে বলেছেন, “সৌদি শত্রুরা জুকার দ্বীপের কাছে ভারতীয় নাগরিকদের বহনকারী একটি নৌকায় হামলা চালিয়েছে। ওই নৌকায় ১৪ জন ভারতীয় নাগরিক আছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের উদ্ধারে কাজ করছে।”

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সৌদি কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

এক্সে এক পোস্টে ইয়েমেনের ভারতীয় দূতাবাস বলেছে, “খবর অনুযায়ী, ১৪ ভারতীয় নাগরিকের সবাই নিরাপদ আছেন আর তারা ইয়েমেনের হোদেইদাহের আশপাশে আছেন।”

এর আগে দূতাবাসটি জানিয়েছিল, ঠিক কী ঘটেছিল তা জানার ও পরিস্থিতি বোঝার চেষ্টা চালাচ্ছে তারা।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন জাহাজে তিন লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত আছেন।

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া সংঘাতে ওই অঞ্চলের জলসীমায় এক ডজনের বেশি ভারতীয় নাবিক নিহত হয়েছেন ও আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এক হামলায় দুইজন নিহত হন। এদের একজন এক সৌদি নাগরিক ও অপরজন একজন প্রবাসী ভারতীয়।